ফারহান আবরার - মুহাম্মদপুর, ঢাকা
৬৮৬৬. প্রশ্ন
কিছুদিন আগে বাসে করে ঢাকায় আসছিলাম। ঢাকায় পৌঁছে গাড়ি থেকে নামতে নামতে ৫:৫৫ বেজে যায়। তখন ফজরের ওয়াক্ত শেষ হওয়ার ১৪/১৫ মিনিট বাকি ছিল। আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছিলাম না। নামাযের সময়ও শেষ হয়ে যাচ্ছিল বিধায় তায়াম্মুম করে নামায পড়ে নিই। নামায শেষে আমাকে বলা হয়, কাছেই একটি মসজিদ ছিল। কিন্তু তখন আমার হাতে ভারি তিনটি ব্যাগ থাকায় মসজিদ পর্যন্ত যাওয়াটা কষ্টকর ছিল। তাছাড়া সেখানে যেতে যেতে ওয়াক্ত শেষ হয়ে যাবে মনে করে আর যাইনি।
আমি জানতে চাই, উক্ত নামাযটি সহীহ হয়েছে কি না?
উত্তর
না, আপনার ওই নামায সহীহ হয়নি। কেননা যে এলাকায় পানির ব্যবস্থা আছে সেখানে ওযু করেই নামায আদায় করা জরুরি। এক্ষেত্রে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হলেও ওযু করেই ওই নামায পড়তে হবে। তায়াম্মুম করে পড়ে নিলে তা আদায় হবে না। সুতরাং আপনাকে উক্ত নামাযের কাযা করে নিতে হবে।
* >المحيط الرضوي< ১/১৬৬: وإن كان بينه وبين الماء أقل من ميل، لم يجزه التيمم، وإن خاف فوت الوقت.
–আলমাবসূত, সারাখসী ১/১১৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭; বাদায়েউস সানায়ে ১/১৬৯; যাদুল ফুকাহা ১/৭৫; আলগায়া, সারুজী ১/৫০২; শরহুল মুনইয়া, পৃ. ৮৩; মাজমাউল আনহুর ১/৬৪