সারওয়ার আহমাদ - বরিশাল
৬৯৯০. Question
আমি একদিন ভুলে পকেটের ভেতরে একটি ছবিযুক্ত বই রেখে নামায পড়ে ফেলি। বইটির প্রচ্ছদে স্পষ্টভাবে মানুষের রঙিন ছবি ছিল।
জানার বিষয় হল, এমতাবস্থায় কি আমার নামাযে কোনো সমস্যা হয়েছে?
Answer
ছবিটি যেহেতু পকেটের ভেতরে ছিল; দৃশ্যমান ছিল না, তাই এ কারণে নামাযে কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য, প্রাণীর কোনো স্পষ্ট ছবি ঘরে বা অন্য কোথাও দৃশ্যমান অবস্থায় রাখা যাবে না।
হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
لَا تَدْخُلُ المَلَائِكَةُ بَيْتًا فِيْهِ كَلْبٌ وَلَا تَصَاوِيْرُ.
যে ঘরে কুকুর থাকে অথবা কোনো (প্রাণীর) ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (সহীহ বুখারী, হাদীস ৫৯৪৯)
তাই বইয়ের প্রচ্ছদে বা অন্য কোথাও প্রাণীর স্পষ্ট ও দৃশ্যমান কোনো ছবি থাকলে, সেটাকে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবে অথবা সম্ভব হলে মুছে ফেলবে। উন্মুক্ত রেখে দেওয়া যাবে না।
—মাআলিমুস সুনান, খাত্তাবী ৪/১২০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১; আলমুহীতুর রাযাবী ১/২৬০; ফাতাওয়া তাতারখানিয়া ২/২০৩; হালবাতুল মুজাল্লী ২/২৯৭; রদ্দুল মুহতার ১/৬৪৮