Rabiul Awal 1448 || September 2026

বেলাল বিন জামাল - লালমোহন, ভোলা

৬৯৭৪. Question

কাউকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করযে হাসানা দিলে তার খরচ কে বহন করবে? যেমন ধরুন, আমার কাছে কেউ দশ হাজার টাকা চাইল এবং তা বিকাশের মাধ্যমে পাঠাতে বলল। আমি দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করলাম। এ টাকা ক্যাশ আউট করলে সে পাবে ৯৮২০ টাকার মতো। এখন সে আমাকে কত টাকা পাঠাবে? যদি বরাবর দশ হাজার টাকাও পাঠায়, তাহলেও আমি ৯৮২০ টাকা পাচ্ছি। দয়া করে সমাধান দেবেন।

Answer

কোনো ব্যক্তি যদি কারও কাছে করযে হাসানা চায় এবং তা নিজে সরাসরি বা কারও মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টে না নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর অনুরোধ করে, তাহলে যে পরিমাণ অর্থ করযদাতা প্রেরণ করেছে তত টাকাই ফেরত পাবে। এক্ষেত্রে করয গ্রহীতা কর্তৃক উক্ত টাকা ক্যাশ আউট করতে যদি কোনো খরচ হয়, তাহলে ওই খরচ করয গ্রহীতা নিজেই বহন করবে।

উল্লেখ্য, করযের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে করয গ্রহীতার দায়িত্ব হল, করযদাতাকে তার প্রেরিত পুরো অর্থ এমনভাবে পৌঁছে দেওয়া বা প্রেরণ করা, যেন সে তার পুরো পাওনা বুঝে পায়। তাই যদি কোনো করয গ্রহীতা নিজ থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা প্রেরণ করতে চায়, কিন্তু করযদাতা সেভাবে নিতে না চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যাশ আউট চার্জ প্রেরণকারী বহন করবে। কিন্তু যদি করয গ্রহীতা এ টাকা সরাসরি পরিশোধ করতে চায় আর করযদাতা তাকে মোবাইল ব্যাংকিংয়ে পাঠাতে বলে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তাকে যত টাকা পাঠিয়েছিল, তত টাকা ফেরত পাঠালেই চলবে। কোনো ক্যাশ আউট চার্জ প্রদান করা লাগবে না।

* >الكافي شرح الوافي< للنسفي ৮/২০৬: والأصل: أن مونة الرد على من وقع القبض له.

আলমুহীতুল বুরহানী ১১/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, পৃ. ২৪৯; আলমাআয়িরুশ শরইয়্যা, পৃ. ৫২৩

Read more Question/Answer of this issue