আহমাদ - রাজশাহী
৬৯৬৯. Question
আমার এক আত্মীয় তামাত্তু হজ্বের নিয়ত করে হজ্বে গিয়েছেন। তারপর সেখানে উমরা করে হালাল হয়ে যাওয়ার পর জেদ্দায় গিয়েছেন। জেদ্দা থেকে মক্কায় ফেরার সময় নতুন কোনো উমরা বা হজ্বের নিয়ত করেননি এবং নতুন করে ইহরামও করেননি। তার কি এমন করা ঠিক হয়েছে? জেদ্দা কি হেরেমের সীমানার ভেতরে, যার ফলে জেদ্দা থেকে আসতে হলে আর নতুন করে ইহরাম করতে হয় না? যদি তার ওপর নতুন করে ইহরাম করা আবশ্যক হয়, তাহলে তা না করার কারণে এখন কি দম দিতে হবে?
Answer
জেদ্দা হেরেমের সীমানার ভেতরে নয়, তবে তা মীকাতের ভেতর ‘হিল’ এলাকার অন্তর্ভুক্ত। আর হিলের কোনো এলাকা থেকে হেরেমের ভেতর হজ্ব-উমরার নিয়ত ছাড়া এমনিই আসতে চাইলে ইহরাম ছাড়া আসার সুযোগ আছে। এক্ষেত্রে ইহরাম না করলে কোনো জরিমানা ওয়াজিব হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওই আত্মীয় ইহরাম ছাড়া জেদ্দা থেকে মক্কায় আসার কারণে কোনো দম বা জরিমানা কিছুই আবশ্যক হয়নি।
* >المبسوط< للسرخسي ৪/ ১৭০: والمكي إذا خرج من مكة لحاجة له فلم يجاوز الوقت، فله أن يدخل مكة بغير إحرام، وإن جاوز لم يكن له أن يدخل مكة إلا بإحرام، لما بينا أن من قصد إلى موضع فحاله في حكم الإحرام كحال أهل ذلك الموضع.
* >النهاية في شرح الهداية< للسغناقي ৩/২৬৬ : أنه إذا فرغ من العمرة صار مكيا حكما في حق الميقات.
—আলমাবসূত, সারাখসী ৪/১৬৮; আলমুহীতুর রাযাবী ২/১৬৫; আলবাহরুল আমীক ১/৬১৪; রদ্দুল মুহতার ২/৪৭৭; গুনইয়াতুন নাসিক, পৃ. ৫৫