শাহীন ইকবাল - বগুড়া
৬৯৬১. Question
আমার নানা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। মলদ্বারে সমস্যা থাকার কারণে ডায়াপার পরানো হয়। হাঁটুর হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে উঠে দাঁড়াতে পারেন না।
জানার বিষয় হল, তিনি কি তায়াম্মুম করে নামায আদায় করতে পারবেন? বিবেচনার বিষয় হচ্ছে, তার এমন কোনো রোগ নেই, যা পানি ব্যবহার করলে বেড়ে যাবে। আবার তিনি নিজে নিজে ওযু-গোসল করতেও সক্ষম নন। পেশাব-পায়খানা গুরুত্ব সহকারে পরিষ্কার করা হলেও ওযু করিয়ে দেওয়ার মতো লোক পাওয়া যায় না। এ অবস্থায় তিনি কীভাবে নামায পড়বেন?
Answer
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার নানার যেহেতু পানি ব্যবহারের কারণে শারীরিক কোনো ক্ষতি হয় না, তাই এক্ষেত্রে যখন সহজে তাকে ওযু করিয়ে দেওয়ার মতো লোক থাকবে, তখন তিনি ওযু করেই নামায আদায় করবেন। আর যখন তাকে ওযু করিয়ে দেওয়ার মতো লোক থাকবে না, তখন তিনি তায়াম্মুম করতে পারবেন।
* >المبسوط< للسرخسي ১/১১২: فإن كان لا يستضر بالماء، ولكنه للمرض عاجز عن التحرك للوضوء، فظاهر المذهب أنه إن وجد من يستعين به في الوضوء لا يجوز له التيمم، وإن لم يجد من يعينه في الوضوء فحينئذ يتيمم؛ لتحقق عجزه عن الوضوء.
—আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৫; আততাজনীস ওয়াল মাযীদ ১/৩০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৮; হালবাতুল মুজাল্লী ১/২০৭