Safar 1448 || August 2026

এইচ. এম. হাসান আহমাদ - আলালপুর, নবাবগঞ্জ, ঢাকা

৬৯৫৯. Question

আমার একটি প্রিন্টিং প্রেসের দোকান আছে। অনেক সময় বিভিন্নজন মানুষ বা জীবজন্তুর ছবিসহ মগ, পোস্টার, ভিজিটিং কার্ড, ফেস্টুন ও টি-শার্ট বানাতে আসে। অনুরূপভাবে ছবিসহ নির্বাচনের পোস্টার ছাপাতে আসে।

জানার বিষয় হল, এ ব্যাপারে শরীয়তের বিধান কী? আমি কি তা বানিয়ে দিতে পারি?

Answer

প্রাণীর ছবি অঙ্কন করা, ছাপানো, প্রিন্ট করা বৈধ নয়। হাদীস শরীফে ছবি অঙ্কনকারীর ওপর কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে।

আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন–

إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ.

কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা (প্রাণীর) ছবি তৈরি করে। (সহীহ বুখারী, হাদীস ৫৯৫০)

অপর এক হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন–

إِنَّ الَّذِيْنَ يَصْنَعُوْنَ هٰذِهِ الصُّوَرَ يُعَذَّبُوْنَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوْا مَا خَلَقْتُمْ.

যারা এজাতীয় (প্রাণীর) ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে, তাতে জীবন দাও। (সহীহ বুখারী, হাদীস ৫৯৫১)

কোনো কিছুতে মানুষ ও জীবজন্তর ছবি ছাপানো ও প্রিন্ট করাও এই নিষিদ্ধ ‘তাসবীর’ (ছবি)-এর অন্তর্ভুক্ত। সুতরাং মগ, পোস্টার, ফেস্টুন, ভিজিটিং কার্ড, টি-শার্ট বা অন্য কিছুতে জীবজন্তুর ছবি প্রিন্ট করে দেওয়া সম্পূর্ণ নাজায়েয। তাই আপনার জন্য এ ধরনের অর্ডার নেওয়া থেকে বিরত থাকা জরুরি। তবে জীবজন্তুর ছবিমুক্ত অর্ডার নিতে এবং তা প্রস্তুত করে দিতে অসুবিধা নেই।

উল্লেখ্য, আইনগত প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন, আইডি কার্ড, পাসপোর্ট এবং এজাতীয় একান্ত প্রয়োজনীয় ছবি তোলা জায়েয আছে।

–আলমাবসূত, সারাখসী ১/২১০, ১৬/৩৭; শরহু সহীহ মুসলিম, নববী ১৪/৮১; বাদায়েউস সানায়ে ১/৩০৪, ৪/৩৯; শরহুস সিয়ারিল কাবীর ৪/২১৮; আলবাহরুর রায়েক ২/২৭; মিরকাতুল মাফাতিহ ৮/৩২৩

Read more Question/Answer of this issue