মুহাম্মাদ লতিফুর রহমান - দাউদকান্দি, কুমিল্লা
৬৯৫৮. Question
আমি একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। চাকরি থেকে অবসর গ্রহণের সময় আমি সরকার থেকে বেশ ভালো পরিমাণ টাকা পেয়েছি।
আমি চাচ্ছি, এ টাকাগুলো আমার জীবদ্দশায়ই সন্তানদের মাঝে বণ্টন করে দেব। যেন তারা নিজ নিজ প্রয়োজনে এ টাকা কাজে লাগাতে পারে। তবে আমার স্থাবর-অস্থাবর অন্যান্য সম্পত্তি যেগুলো আছে, সেগুলো আমার মৃত্যুর পর মিরাস অনুযায়ীই বণ্টণ হবে। আমার তিন ছেলে ও দুই মেয়ে আছে।
জানার বিষয় হল–
ক. আমি এ টাকাগুলো সন্তানদের মাঝে কীভাবে বণ্টন করব? মিরাস অনুযায়ী মেয়েকে কি ছেলের অর্ধেক দিতে হবে?
খ. আমার পাঁচ ছেলেমেয়ের চারজনই আল্লাহর রহমতে সচ্ছল, তবে ছোট ছেলে এখনও পড়াশোনা করছে। অন্যদের তুলনায় তার ব্যক্তিগত সম্পত্তি নেই বললেই চলে। তাই আমি চাচ্ছি, তাকে অন্যদের তুলনায় কিছু বেশি দেব। এক্ষেত্রে অন্যদের তুলনায় তাকে বেশি দেওয়ার সুযোগ আছে কি না? এতে কি আমি গুনাহগার হব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই টাকাগুলোর আপনিই মালিক। এখন যদি আপনি সন্তানদের দিয়ে দিতে চান, তাহলে ইচ্ছা করলে তাদেরকে সমানভাবেও বণ্টন করে দিতে পারেন। আবার বিশেষ কারণে তাদের মাঝে কম-বেশিও করতে পারেন। যেমন আপনি প্রশ্নে বলেছেন, অন্যদের তুলনায় আপনার ছোট ছেলে অসচ্ছল; এখনও পড়াশোনা করছে। সেক্ষেত্রে তাকে কিছু সম্পদ বাড়িয়েও দিতে পারেন। এতে শরয়ী কোনো সমস্যা নেই।
–ফাতাওয়া খানিয়া ৩/২৭৯; আয্যাখীরাতুল বুরহানিয়া ৯/১৩৩; বাদায়েউস সানায়ে ৫/১৮২; ফাতহুল বারী ৫/২৫৩; আলবাহরুর রায়েক ৭/২৮৮; আদ্দুররুল মুখতার ৫/৬৯৬