মুহাম্মাদ শাহাদাত হোসেন - পর্বতীপুর, দিনাজপুর
৬৯৪৪. Question
আমাদের দেশে হিন্দু বা অন্যান্য বিধর্মীদের পূজার মণ্ডপ বা উপাসনালয় পাহারা দেওয়া বৈধ, নাকি অবৈধ? শরীয়তের আলোকে সমাধান চাই।
Answer
মুসলিম দেশের সরকারের দায়িত্ব হল, দেশের নাগরিক হিসেবে বিধর্মীদের নিরাপত্তা প্রদান করা। তাই নিরাপত্তার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মুসলিম সদস্যের যদি রাষ্ট্রের পক্ষ থেকে পূজামণ্ডপে কিংবা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে পাহারার ডিউটি পড়ে, তাহলে সেখানের লোকজনের নিরাপত্তার উদ্দেশ্যে ডিউটি করা তার জন্য জায়েয হবে। অনুরূপভাবে যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, সে সময় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে এবং প্রাণহানি বা সংঘাতমূলক কাজকর্ম ঠেকানোর স্বার্থে প্রয়োজনে সাধারণ জনগণও স্বেচ্ছায় এ কাজে এগিয়ে আসতে পারে। তবে এসব ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলির প্রতি পূর্ণ লক্ষ রাখা আবশ্যক।
ক. বিধর্মীদের ধর্মীয় কাজে সহযোগিতার নিয়ত করা যাবে না।
খ. তাদের ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না।
গ. পূজামণ্ডপে উৎসর্গিত খাবার খাওয়া যাবে না।
উপরিউক্ত সমস্যাগুলো ছাড়া শুধু উৎসাহী হয়ে অথবা স্বপ্রণোদিত সেবা দেওয়ার উদ্দেশ্যে বিধর্মীদের উপাসনার অনুষ্ঠানে যাওয়া, তাদের উপাসনালয় পাহারা দেওয়ার দায়িত্ব নেওয়া– কোনো কিছুই জায়েয নয়।
–কিতাবুল হুজ্জাহ, ইমাম মুহাম্মাদ ২/৪৯৪; সুনানে কুবরা, বায়হাকী, বর্ণনা ১৮৮৬২; মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৬০৯; আহকামুল কুরআন, জাস্সাস ৩/৮৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৬; কেফায়াতুল মুফতী ১৩/১৬৪