সলিমুল্লাহ - দারুল উলুম হাজারীবাগ
৬৯৪০. Question
আমি একজনের সাথে একটি শেয়ার ব্যবসার চুক্তি করেছি। যেখানে আমি কম্পিউটার, কাগজ, কালি, দোকান ভাড়া– এসবের ব্যবস্থা করব। কম্পিউটার নষ্ট হলে সেটার দায়ভারও আমার। আর সে সারাদিন কম্পিউটার দিয়ে উপার্জন করবে। (লেমিনেটিং, কম্পোজ, ফটোকপি ইত্যাদি)। দিন শেষে যা লাভ আসবে, সেটা উভয়ের মাঝে সমান সমান ভাগ হবে। তো আমার ছেলে বলছে, এটা নাজায়েয।
তাই জানার ইচ্ছা, এই চুক্তিটি ঠিক আছে কি না? অন্যথায় ভিন্ন কোনো পন্থা আছে কি না?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে দোকানটি পরিচালনা করতে গিয়ে যদি ওই লোকের সাথে আপনি কোনো কাজ না করার চুক্তি করে থাকেন, তাহলে এভাবে আপনার পক্ষ থেকে দোকানের সকল খরচ এবং এককভাবে ওই লোকের পক্ষ থেকে শ্রম দিয়ে শেয়ারে ব্যবসা করা এবং এর লভ্যাংশ উভয়ে বণ্টন করে নেওয়া সহীহ হবে না।
হাঁ, এক্ষেত্রে লোকটির সাথে আপনার নিজেরও যদি দোকানে কোনো ধরনের কাজে অংশগ্রহণের চুক্তি থাকে, তাহলে উক্ত পদ্ধতিতে চুক্তি করা এবং চুক্তি অনুযায়ী আনুপাতিকহারে লভ্যাংশ বণ্টন করা সহীহ হবে। তখন চুক্তিটি ফিকহের পরিভাষায় ‘শিরকাতুল আ‘মাল/তাকাব্বুল’ বলে বিবেচিত হবে। শিরকাতুল আ‘মালে আনুপাতিক হারে লভ্যাংশ বণ্টন করা সহীহ আছে।
কিন্তু আপনি যদি লোকটির সাথে দোকানে কোনো কাজই না করার চুক্তি করতে চান, তাহলে সেক্ষেত্রে সঠিকভাবে চুক্তি করার পদ্ধতি হল, আপনি দোকানের যাবতীয় খরচ বহন করে ওই লোককে আপনার দোকানের একজন কর্মচারী হিসেবে নিয়োগ দেবেন এবং তার পারিশ্রমিক দোকানের অর্জিত আয়ের সাথে শর্তযুক্ত না করে নির্দিষ্টভাবে টাকার পরিমাণ উল্লেখ করে নির্ধারণ করবেন। (যেমন ১০,০০০ টাকা অথবা আপনারা পরস্পর আলোচনা করে যত টাকা নির্ধারণে সম্মত হন)। তখন দোকানের লাভ-ক্ষতি যাই হবে, তা এককভাবে আপনার হবে। আর ওই লোক সর্বাবস্থায় তার নির্ধারিত পারিশ্রমিক পাবে। এভাবে চুক্তি করতে কোনো সমস্যা নেই।
* كتاب >الأصل< للشيباني ৪/১১৭ : وقال أبو حنيفة: لو أن رجلا دفع دابته إلى رجل يؤاجرها، على أن ما آجرها به من شيء فهو بينهما نصفين، كانت هذه الشركة فاسدة، والأجر كله لرب الدابة، وللرجل الذي آجر الدابة أجر مثله. وكذلك البيت والسفينة والبعير.
–আলমাবসূত, সারাখসী ১১/২১৯; খিযানাতুল আকমাল ৩/১৫৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৫; ফাতহুল কাদীর ৫/৪১১