শহীদুল ইসলাম - লালবাগ, ঢাকা
৬৯৩৪. Question
কয়েকদিন আগে আমি ফরয গোসলে নাকে পানি পৌঁছাতে ভুলে যাই। কিছুক্ষণ পর স্মরণ হলে মাসআলা জানা না থাকার কারণে পুনরায় গোসল করে নামায আদায় করি।
এখন জানার বিষয় হল, ওই দিন কি আমার ওপর পুনরায় গোসল করা জরুরি ছিল, নাকি শুধু নাকে পানি পৌঁছানোই যথেষ্ট ছিল?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে স্মরণ হওয়ার পর শুধু নাকে পানি পৌঁছানোই যথেষ্ট ছিল; পুনরায় গোসল করা জরুরি ছিল না। কেননা ফরয গোসলে নাকে পানি পৌঁছানো বা কুলি করা না হলে কিংবা শরীরের অন্য কোনো অংশ শুকনো থেকে গেলে স্মরণ হওয়ার পর শুধু ওই বাদ পড়া অংশ পানি দ্বারা ধুয়ে নিলেই ফরয গোসল সম্পন্ন হয়ে যায়; নতুন করে গোসল করতে হবে না।
আয়েশা বিনতে আজরাদ রা. থেকে বর্ণিত–
عَنْ عَائِشَةَ بِنْتِ عَجْرَدٍ فِي جُنُبٍ نَسِيَ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ، قَالَتْ: قَالَ ابْنُ عَبَّاسٍ: يُمَضْمِضُ وَيَسْتَنْشِقُ وَيُعِيدُ الصَّلَاةَ.
গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি গোসলের সময় কুলি করতে এবং নাকে পানি পৌঁছাতে ভুলে গেলে তার ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেছেন, সে শুধু কুলি করবে এবং নাকে পানি পৌঁছাবে আর (কুলি করা ও নাকে পানি পৌঁছানোর আগে) যে নামায পড়েছে তা পুনরায় পড়ে নেবে। (সুনানে দারাকুতনী, হাদীস ৪১৪)
* كتاب >الأصل< للشيباني ১/৩২: قلت: أرأيت امرأة حائضا طهرت فاغتسلت فبقي من غسلها أقل من موضع الدرهم كيف تصنع؟ قال: تغسل ذلك المكان، وإن كانت صلت قبل أن تغسله فعليها أن تعيد الصلاة. قلت: وكذلك الجنب؟ قال: نعم.
–খিযানাতুল আকমাল ১/৩১; শরহুল মুনইয়া, পৃ. ৫০; আদ্দুররুল মুখতার ১/১৫৫; আসসিআয়া ১/২৮০