Zilhajj 1447 || June 2026

নূরে জান্নাত - বি. বাড়িয়া

৬৯২৭. Question

আমার আব্বু আমাদের বাসায় একমাত্র উপার্জনক্ষম। দোকান ভাড়া দিয়ে রেখেছেন। তার মধ্যে একটা দোকানে লাইভ বেকারির আইটেম বিক্রি হয়। এই মাসেই চালু হয়েছে। আমি আজকে জানতে পারলাম, এখানে অন্যান্য বেকিং আইটেমের সাথে জন্মদিন বা বিভিন্ন নাজায়েয অনুষ্ঠান (গায়ে হলুদ, বিবাহ বার্ষিকী, নববর্ষ ইত্যাদি)-এর কেকও বিক্রি হবে।

১. যেহেতু তারা নাজায়েয অনুষ্ঠানের কেকও বিক্রি করবেন, এক্ষেত্রে আমাদের জন্য তাদের থেকে ভাড়া নেওয়া হালাল হবে কি না? কেননা ভাড়ার টাকার একটা অংশ তো জন্মদিনের কেক থেকেও আসবে।

২. আমি নিজে জন্মদিন পালন বা এই সংক্রান্ত কেউ কিছু দিলে কোনো কিছু গ্রহণ করি না। যদিও আমার বাবা হয়তো তাদেরকে জন্মদিনের কেক সেল করার বিষয়ে কিছু বলবেন না। আমার জন্য এই ভাড়া থেকে খাওয়া-পড়া হালাল হবে কি না? ফতোয়া দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের জন্য ওই দোকানের ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ গ্রহণ করা এবং তা ভোগ করা জায়েয হবে। কারণ বিভিন্ন বিদআত ও রসম-রেওয়াজকে কেন্দ্র করে কেক কেনা, তা কাটা শরীয়ত বিরোধী হলেও যেহেতু কেক একটি হালাল পণ্য, তাই দোকানী হারাম উপার্জন করছে বলে ধর্তব্য হবে না। যদিও মুসলমান ব্যবসায়ীদের কর্তব্য, এ ধরনের অযথা ও অপসংস্কৃতিমূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে খাবার তৈরি না করা।

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২৫৭২, ২২৫৭৬; ফাতাওয়া খানিয়া ৩/২২৪; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৬; আলআশবাহ ওয়াননাযায়ের, পৃ. ৩৯; ই‘লাউস সুনান ১৪/৪৭৯

Read more Question/Answer of this issue