Zilhajj 1447 || June 2026

মাহবুবুর রহমান - লাকসাম, কুমিল্লা

৬৯২২. Question

আমি এগারো তারিখ দুপুরে তাওয়াফে যিয়ারত আদায় করছিলাম। তৃতীয় চক্করের শুরুতে আমার ওযু ছুটে যায়। আমি তৎক্ষণাৎ ওযু করে এসে পাঁচটি চক্কর পূর্ণ করি। পরে একজন জানালেন যে, তাওয়াফের তিন চক্কর পূর্ণ হওয়ার আগেই ওযু ছুটে গেলে আবার প্রথম থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিন্তু আমি তো ওযু করে আসার পর নতুন করে সাতটি চক্কর পূর্ণ করিনি।

তাই আমার জানার বিষয় হল, আমার উক্ত তাওয়াফ কি আদায় হয়েছে?

Answer

হাঁ, আপনার উক্ত তাওয়াফ আদায় হয়ে গেছে। তাওয়াফের মাঝে ওযু ছুটে গেলে (চার চক্করের আগে হোক বা পরে) সর্বাবস্থায় ওযু করে অবশিষ্ট চক্করগুলো পূর্ণ করে নিলে তাওয়াফ আদায় হয়ে যায়; ওযু করে পুনরায় প্রথম থেকে তাওয়াফ শুরু করা জরুরি নয়।

তবে চার চক্কর পূর্ণ হওয়ার আগে ওযু ছুটে গেলে ওযু করে আসার পর উত্তম হল, নতুন করে শুরু থেকে সাত চক্কর পূর্ণ করা।

কিতাবুল হুজ্জাহ, ইমাম মুহাম্মাদ ১/৫১৫; আলমাবসূত, সারাখসী ৪/৪৮; বাদায়েউস সানায়ে ২/৩১০; ফাতহুল কাদীর ২/৩৮৯; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১৬০; আদ্দুররুল মুখতার ২/৪৯৭; গুনইয়াতুন নাসিক, পৃ. ১২৭

Read more Question/Answer of this issue