আশরাফুল ইসলাম - ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৯১২. Question
আমাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা লেগে থাকত। ফলে একদিন আমরা দুইজন মিলে আলোচনা করি যে, আমরা আর সংসার করব না, ডিভোর্স দিব। আর আমার ইসলামিক নলেজ থাকায় আমি একবারে তিন তালাক দেওয়ার চিন্তা করিনি। আমি তাকে শুধু মুখে এক তালাক দিয়েছিলাম এবং একই রুমে আলাদা থাকার চেষ্টা করছিলাম।
কিন্তু আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে না পেরে কয়েক দিনের মধ্যে শারীরিক সম্পর্ক করেছি এবং এক মাস বা দুই আড়াই মাসের মধ্যে আমাদের ঝামেলা দূর হয়ে যায়। আর ওই সময়ের মধ্যেই আমি তাকে বলি যে, তোমাকে দেওয়া তালাকটি আমি ফিরিয়ে নিলাম। আর তখন থেকেই আমরা সংসার করে যাচ্ছি। পুনরায় বিয়ে পড়ানো হয়নি।
প্রশ্ন হল, পুনরায় বিয়ে পড়ানো কি প্রয়োজন ছিল? এখন কি কোনো করণীয় আছে?
Answer
প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে ‘তোমাকে এক তালাক দিলাম’ বলার দ্বারা তার ওপর এক তালাকে রজয়ী পতিত হয়েছে। এরপর আপনি তালাকটি ফিরিয়ে নিলাম বললেও এর দ্বারা ওই তালাক প্রত্যাহার হয়নি। কোনো তালাক কার্যকর হয়ে গেলে তা আর প্রত্যাহার করা যায় না। তাই এটি অনর্থক কথা। তবে আপনার প্রশ্নোক্ত কথাটি দ্বারা যেহেতু একটি রজয়ী তালাক পতিত হয়েছে এবং ইদ্দতের ভেতরই আপনাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে, তাই এ কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে গেছে। অতএব আপনারা স্বাভাবিক ঘর-সংসার চালিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের পুনরায় বিবাহ করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, আপনি যেহেতু আপনার স্ত্রীকে এক তালাক দিয়ে দিয়েছেন, তাই পরবর্তীতে আপনি কেবল দুই তালাকের অধিকারী থাকবেন।
অতএব পরবর্তীতে কখনো তাকে দুই তালাক দিলেই পূর্বের এক তালাকের সাথে মিলে মোট তিন তালাক হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে বিবাহ করেও একত্রিত হওয়ার সুযোগ থাকবে না। তাই সামনে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।
–কিতাবুল আছল ৪/৩৯৬; তুহফাতুল ফুকাহা ২/১৭৭; বাদায়েউস সানায়ে ৩/২৮৯, ২৯৫; আলমুহীতুল বুরহানী ৫/১৭৯; আলবাহরুর রায়েক ৪/৫০; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬৮; আদ্দুররুল মুখতার ৩/৪০৯