আবদুল্লাহ - সিলেট
৬৯১১. Question
আমার খালাতো বোনের বিবাহের প্রায় এক বছর হয়ে গেছে। তার একটি ছেলে সন্তানও আছে। কিন্তু তার বিবাহ হয়েছিল মোবাইলের মাধ্যমে। কনে ছিলেন বাংলাদেশে আর বর ছিলেন আমেরিকায়। তো স্বামী-স্ত্রী যেভাবে উপস্থিত থাকলে বিবাহ সংঘটিত হয় সেভাবে মোবাইলের মাধ্যমে বিবাহটি হয়েছিল। কাউকে উকিল না বানিয়ে বর সেখান থেকে কবুল বলে তার বাগদত্তাকে গ্রহণ করেছে।
এক্ষেত্রে জিজ্ঞাসা হল, উক্ত বিবাহ কি শরীয়তসম্মত হয়েছে? না হলে সঠিক পদ্ধতি কী? জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী মোবাইলের মাধ্যমে সংঘটিত তাদের ওই বিবাহ সহীহ হয়নি। কেননা বিবাহ সহীহ হওয়ার জন্য পাত্র-পাত্রী বা তাদের পক্ষ থেকে প্রতিনিধিদের একই মজলিসে উপস্থিত থেকে সাক্ষীদের সামনে ইজাব-কবুল (অর্থাৎ প্রস্তাব ও গ্রহণ) করা শর্ত। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফোনে ইজাব-কবুল করলে উভয় জায়গায় পৃথক পৃথক সাক্ষী থাকলেও ওই বিবাহ সহীহ হয় না। এমনকি তা ভিডিও কলের মাধ্যমে হলেও নয়। এখন তাদের কর্তব্য হল, সাক্ষীদের সামনে ইজাব-কবুল করে যথাযথ পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।
আর প্রশ্নোক্ত ক্ষেত্রে আগের বিবাহটি সহীহ না হলেও তারা যেহেতু মাসআলা না জানার কারণে ওই বিবাহকে বৈধ মনে করে সংসার করেছেন, তাই এরপর তাদের ঘরে জন্ম নেওয়া সন্তান তাদের বৈধ সন্তান বলে বিবেচিত হবে এবং তার বংশ পরিচয় ওই ব্যক্তি থেকেই সাব্যস্ত হবে।
উল্লেখ্য, পাত্র-পাত্রীর মধ্যে কেউ যদি বিবাহের আকদের মজলিসে উপস্থিত না থাকে, তাহলে এক্ষেত্রে বিবাহের পদ্ধতি হল, তার পক্ষ থেকে ইজাব-কবুল সম্পন্ন করার জন্য সে কাউকে প্রতিনিধি বানাবে। আর প্রতিনিধি বানানোর কাজ সে মোবাইলের মাধ্যমেও করতে পারবে। এভাবে কাউকে প্রতিনিধি বানানোর পর ওই প্রতিনিধি সাক্ষীদের সামনে তার পক্ষ থেকে ইজাব-কবুল সম্পন্ন করবে। যেমন, মেয়ের অভিভাবক মেয়ে থেকে ইযন অর্থাৎ অনুমতি নিয়ে আসার পর বিবাহের মজলিসে বিদেশে বা দূরে অবস্থানরত পাত্রের প্রতিনিধির কাছে এভাবে প্রস্তাব দিবে যে, আমি অমুককে (পাত্রীর নাম, পিতার নাম ও সুস্পষ্ট পরিচয় উল্লেখ করে) আপনার মুআক্কিল অমুকের (পাত্রের নাম, পিতার নাম ও সুস্পষ্ট পরিচয় উল্লেখ করে) কাছে এত টাকা মহরের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিচ্ছি। আপনি কি তার পক্ষ থেকে সম্মত আছেন? তখন পাত্রের প্রতিনিধি বলবে, আমি আমার মুআক্কিল অমুকের পক্ষ থেকে কবুল করলাম। এভাবে প্রতিনিধির মাধ্যমে ইজাব-কবুল সম্পন্ন করলে শরীয়তের দৃষ্টিতে এ বিবাহ সহীহ হবে।
* >شرح الجامع الصغير< لقاضي خان ২/৫১০ : فلا ينعقد النكاح عندنا إلا بشاهدين، يسمع كل واحد منهما كلام العاقدين معا في مجلس واحد.
* كتاب >الأصل< ১০/২১২ : وكل نكاح في أهل الإسلام في عبد أو حر أو صغير أو كبير بغير شهود، فإنه لا يجوز ولا يصلح ولا يحل. ... وإن كان دخل بها، فلها المهر وعليها العدة، ويثبت نسب الولد.
–শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ৩/৪১২, ৪২৮; আলমাবসূত, সারাখসী ৫/২১-২২; বাদায়েউস সানায়ে ২/৪৯০, ৫২৭, ৬৫১; রদ্দুল মুহতার ৩/১৪, ২১-২৩, ১৩১-১৩৪