Zilqad 1447 || May 2026

নাম প্রকাশে অনিচ্ছুক - নারায়ণগঞ্জ

৬৯১০. Question

আমি এবং আমার স্বামী দুজনেই স্টুডেন্ট অবস্থায় বিয়ে করি। আমার স্বর্ণের যাকাত আমার শ্বশুর আদায় করে দেন। এখন আমার শাশুড়ি আরও তিন ভরি স্বর্ণ আমাকে উপহার দিয়েছেন। আমার যেহেতু যাকাত আদায় করার মতো ক্যাশ টাকা নেই, তাই আমি সেই তিন ভরি স্বর্ণ আমার স্বামীকে দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে নিজে ব্যবহার করি। তবে আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি, চাইলে আমার স্বামী যে-কোনো সময় সেই স্বর্ণ বিক্রি করতে পারবে অথবা তার কোনো দরকারে নিয়ে নিতে পারবে।

এখন আমি জানতে চাচ্ছি, এই তিন ভরি স্বর্ণেরও কি যাকাত দিতে হবে?

উল্লেখ্য, আমার স্বামীর নেসাব পরিমাণ সম্পদ নেই।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি আপনি ওই তিন ভরি স্বর্ণ আপনার স্বামীকে পরিপূর্ণভাবে মালিক বানিয়ে তাকে বুঝিয়ে দিয়ে থাকেন, তাহলে তিনি এর মালিক হয়ে গেছেন এবং আপনার মালিকানা থেকে তা বের হয়ে গেছে। অতএব আপনাকে এখন আর এ স্বর্ণের যাকাত আদায় করতে হবে না।

তবে মনে রাখতে হবে, বাস্তবেই কেউ সম্পদশালী এবং তার যাকাত আদায়ের মতো আর্থিক সামর্থ্য পরিপূর্ণ থাকার পরও শুধু যাকাত থেকে বাঁচার জন্য (হীলাস্বরূপ) নিজের সম্পদ পরিবারের অন্য কাউকে এভাবে দিয়ে দেওয়া জায়েয নয়; যাতে করে এ সম্পদের ওপর কারোই যাকাত না আসে। এটি

الفرار من الزكاة তথা যাকাত থেকে পালানোর আওতায় পড়ে। যা অত্যন্ত গর্হিত কাজ। আর কেবল নামেমাত্র কাউকে দিলে তো এর দ্বারা তার থেকে যাকাত বাদই যাবে না; বরং এমনটি করলেও বাস্তবে সে ওই সম্পদের মালিক থাকবে এবং তাকে এর যাকাত দিতে হবে।

কিতাবুল খারাজ, ইমাম আবু ইউসুফ, পৃ. ৮৮; ই‘লামুল মুওয়াক্কিয়ীন ৩/১৯৩; আলবাহরুর রায়েক ২/২২০; আদ্দুররুল মুখতার ২/৩০৮

Read more Question/Answer of this issue