Shawal 1447 || April 2026

আবু উবাইদা - রাজশাহী

৬৮৯৬. Question

কয়েক বছর আগে আমার নানু মারা যান। মৃত্যুর আগে তিনি বদলি হজ্বের অসিয়ত করে যান। এ বছর আমি ওয়ারিশদের সিদ্ধান্তক্রমে তার বদলি হজ্ব করি। বদলি হজ্বের যাবতীয় খরচ বাবদ তার ওয়ারিশরা তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আমাকে যে টাকা দিয়েছেন, হজ্ব শেষে দেশে ফিরে আসার পরও প্রায় আট হাজার টাকা থেকে যায়। এ ব্যাপারে আমি তাদের কাউকে এখনো অবগত করিনি।

মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার জন্য তাদের অনবগতিতে এ টাকাগুলো নেওয়ার কি সুযোগ আছে?

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়ারিশদের সুস্পষ্ট সম্মতি ছাড়া উদ্বৃত্ত টাকাগুলো নেওয়া আপনার জন্য জায়েয হবে না। হাঁ, তাদেরকে অবহিত করার পর সকল ওয়ারিশ মিলে যদি ওই টাকা আপনাকে দিয়ে দেয়, তাহলে তখন আপনি তা নিতে পারবেন।

অবশ্য বদলি হজ্বে প্রেরণকারী ব্যক্তি অথবা সে জীবিত না থাকলে তার ওয়ারিশগণ যদি বদলি হজ্বকারীকে শুরুতেই বলে দেয় যে, হজ্বের প্যাকেজের বাইরে ব্যক্তিগত খরচের জন্য তাকে যে টাকা দেওয়া হয়েছে, সেটি তারই; কিছু উদ্বৃত্ত থাকলেও ফেরত দিতে হবে না। সেক্ষেত্রে বদলী হজ্ব সম্পন্ন করার পর কোনো টাকা উদ্বৃত্ত থাকলে তা নিজে রেখে দিতে পারবে। তাদেরকে ফেরত দিতে হবে না।

* >الحاوي القدسي< ১/৩৫৯: وما فضل في يد الحاج عن الميت بعد النفقة في ذهابه ورجوعه يرده على الورثة، إلا إذا وسعوا عليه، بأن يجعلوا الزيادة له.

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৯৭১; মুখতাসারুত তাহাবী, পৃ. ৫৯; আলমাবসূত, সারাখসী ২৭/১৭২; তাবয়ীনুল হাকায়েক ২/৪২৯; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ৪৫৮; রদ্দুল মুহতার ২/৬১২-৬১৩

Read more Question/Answer of this issue