Ramada 1447 || March 2026

মুআয - কুমিল্লা

৬৮৮০. Question

আমার বাড়ি কুমিল্লা। আমি ঢাকায় একটি মাদরাসায় পড়াশোনা করি। কিছুদিন আগে বাড়িতে যাওয়ার সময় কয়েকজন সাথি আমার কাছে কুমিল্লার রসমালাই আনার জন্য টাকা দেয়। আমি আমার চাচার দোকান থেকে তাদের জন্য রসমালাই নিয়ে আসি। কিন্তু চাচা আমার থেকে রসমালাইয়ের মূল্য রাখেননি।

প্রশ্ন হল, এক্ষেত্রে কি ওই সাথিদেরকে তাদের টাকা ফেরত দিয়ে দিতে হবে? আমি যদি তাদেরকে ওই টাকা ফেরত না দিয়ে নিজে রেখে দেই, তাহলে তা বৈধ হবে কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচা রসমালাইগুলো আপনাকেই দিয়েছেন। এ কারণে আপনি এর মালিক হয়ে গেছেন। এখন আপনার সাথিদেরকে আপনি তা বিনামূল্যেও দিতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে তাদের টাকা ফেরত দিয়ে দেবেন। আবার চাইলে তা নির্ধারিত মূল্যেও দিতে পারেন। সেক্ষেত্রে ওই টাকা তাদেরকে ফেরত দিতে হবে না। ওই টাকা মূল্য বাবদ আপনি নিজে রেখে দিতে পারবেন।

উল্লেখ্য, আপনার উচিত ছিল, চাচাকে বিষয়টি জানিয়ে দেওয়া যে, আপনি অন্যের অর্ডারে তাদের জন্য পণ্যগুলো নিচ্ছেন, তখন হয়তো চাচা এর ন্যায্য মূল্য রেখেই তা দিতেন। তাই ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতা কাম্য।

* كتاب >الأصل< للشيباني ১১/২৮৮ : وإن حط عنه من الثمن شيئا، فإن الوكيل يحط مثل ذلك عن الآمر. ولو وهب البائع الثمن كله للوكيل،كان للوكيل أن يأخذ الثمن كله من الآمر.

আলমুহীতুর রাযাবী ৮/১৩২-১৩৩; আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; আলবাহরুর রায়েক ৭/১৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৩/৫৮৮; আদ্দুররুল মুখতার ৫/৫১৬

Read more Question/Answer of this issue