Ramada 1447 || March 2026

কাউসার আহমাদ - রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

৬৮৬৮. Question

আমাদের মসজিদে এক লোক প্রায় ইকামত দেয়। কিন্তু সমস্যা হল, ইমাম সাহেব নামাযের জন্য মেহরাবে দাঁড়ানোর পূর্বেই সে ইকামত শুরু করে দেয়।

আমি জানতে চাই, ইমাম সাহেব মেহরাবে দাঁড়ানোর আগে ইকামত শুরু করলে কি কোনো সমস্যা আছে?

Answer

ইমাম নামাযের জন্য মসজিদে প্রস্তুত থাকলে তিনি মেহরাবে এসে না পৌঁছালেও ইকামত শুরু করা যাবে। ইকামত শুরু করার জন্য ইমামের মেহরাবে উপস্থিত থাকা জরুরি নয়।

হাদীস শরীফে আছে, জাবের ইবনে সামুরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন

كَانَ بِلَالٌ يُؤَذِّنُ، ثُمَّ يُمْهِلُ فَإِذَا رَأَى النَّبِيَّقَدْ خَرَجَ أَقَامَ الصَّلَاةَ.

বেলাল রা. আযান দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হুজরা থেকে নামাযের জন্য বের হয়ে আসতে দেখতেন, তখন ইকামত বলা শুরু করতেন। (সুনানে আবু দাউদ, হাদীস ৫৩৮)

তবে ইকামত শেষ হয়ে যাওয়ার আগে ইমাম মেহরাবে পৌঁছাতে পারবেন না বলে মনে হলে ইকামত দিবে না; বরং ইমাম আসার অপেক্ষা করবে।

আলমুফহিম লিমা আশকালা মিন কিতাবি মুসলিম ২/২২৩; ফাতহুল বারী ২/১৪২; মিরকাতুল মাফাতীহ ২/৩৫৫

Read more Question/Answer of this issue