Jumadal Akhirah 1448   ||   November 2026

পাঠকের পাতা

এটি কেবল একটি পত্রিকা নয়...

প্রথমত আল্লাহ তাআলার দরবারে শোকর আদায় করছি, যিনি বাংলাদেশের জন্য রহমত স্বরূপ এমন একটি দ্বীনী রিসালার ধারাবাহিকতা বজায় রেখেছেন তাঁর একান্ত কতিপয় মাহবুব বান্দার মাধ্যমে।

আমি সতর্কতার সাথে এটাকে ‘পত্রিকা’ বলা থেকে এড়িয়ে গিয়েছি। আমার অনুভূতি— এটি একটি রিসালা বা কিতাব। সচরাচর ‘পত্রিকা’ শব্দ শুনলে মানুষ যা বোঝে, এটি তা থেকে অবশ্যই ভিন্ন।

আল্লাহ তাআলা আলকাউসারকে কিয়ামত অবধি কবুল করুন, মাকবুল করুন, আমাদের সকলকে আজীবন এর সাথে থাকার তাওফীক দান করুন— আমীন, ইয়া রব্বাল আলামীন।

—মুহাম্মদ যুবাইর হুসাইন

 

শুদ্ধ চিন্তা বিকাশে আলকাউসার : একটি প্রত্যাশা

মাসিক আলকাউসারের প্রতিটি লেখাই আমার চিন্তা-চেতনাকে পরিশীলিত করে। বিশেষ করে হযরত মাওলানা মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ দা. বা., হযরত মাওলানা আবদুল মালেক ছাহেব দা. বা., মাওলানা শরীফ মুহাম্মদ ছাহেব দা. বা.―তাঁদের লেখায় অনেক খোরাক পাই।

আলকাউসার পরিবারের কাছে আমার আবেদন ইসলাম বিদ্বেষীদের শেকড় উপড়ে ফেলার জন্য, নাস্তিকদের লেখনীর বিরুদ্ধে, তাদের বাতিল মতাদর্শের বিরুদ্ধে, বিশেষ করে প্রথম আলো যে এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত, তার বিরুদ্ধে আপনারা গোলটেবিল বৈঠক আয়োজন করবেন।

আল্লাহ আপনাদের সকল খেদমত কবুল করুন।

 جزاكم الله خيرا

—মুহাম্মাদ আলআমীন

 

শিক্ষার্থীদের পাতা পাঠে আমার উপকার

আমি যখন দ্বীনী ইলম শিক্ষার পথে যাত্রা শুরু করি, তখন থেকে দেখে আসছি, আমাদের মাদরাসায় মাসিক আলকাউসার পত্রিকার প্রচলন রয়েছে। কিন্তু তখন ছোট থাকায় পড়ার সুযোগ হয়নি। তবে যখন কিতাব বিভাগে যাত্রা শুরু হল, তখন থেকেই আমি আলকাউসারের নিয়মিত পাঠক। তখন নাযেমে তালিমাত সাহেব মাসিক পত্রিকা আনতেন। আমরা তার কাছ থেকে সংগ্রহ করতাম।

জিম্মাদার হুজুর বলতেন, আমার কাছে একটি পত্রিকা আছে, তোমরা সেখান থেকে ‘শিক্ষার্থীদের পাতা’ বিভাগটি মুতালাআ করতে পার। এতে করে অনেক উপকৃত হতে পারবে। শিক্ষার্থীদের পাতায় হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দা. বা.-এর নসীহতে আমি অনেক উপকৃত হয়েছি। শুকরিয়া আদায় করি, আলহামদু লিল্লাহ!

—মো. শিহাব আলী রমজান

কাটাখালী মাদরাসা, রাজশাহী

 

আসুন নিজে পাঠ করি, পাঠক তৈরি করি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কাছে মনে হয়, মাসিক আলকাউসার একটি আন্দোলন, যা দ্বীনের প্রতি এবং আমলের প্রতি আগ্রহ তৈরি করে।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এক দ্বীনী ভাই একপ্রকার জোর করে প্রতি মাসের আলকাউসার হাতে তুলে দিতেন। অনেক সময় বিনিময়ে হাদিয়াও নিতেন না। সেই আলকাউসার আজ আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

আমার পরামর্শ, আমরা যারা আলকাউসারের পাঠক, তারা আরও পাঠক তৈরি করতে পারি, যাতে দ্বীনের আলো আরও প্রসারিত হয়।

—মো. আল মামুন, নওগাঁ

 

প্রচলিত ভুল বিভাগটি পুনরায় চালু করা হোক

বর্তমানে আমি একটি কওমী মাদরাসায় খেদমতে নিয়োজিত আছি। আমার ছাত্রজীবনের শুরুতেই প্রিয় পত্রিকা মাসিক আলকাউসারের সাথে হৃদয়ের বন্ধন তৈরি হয়। ২০১৫ সালের কথা, তখন আমি মীযান জামাতের ছাত্র।

আমার গ্রামের পরিবেশে হাদীসের নামে নানা ভুল ও কুসংস্কারের প্রচলন ছিল, যা ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সাংঘর্ষিক। সেই বিভ্রান্তিগুলো দূর করতে আলকাউসারের ‘প্রচলিত ভুল’ বিভাগটি আমার জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। পত্রিকাটি হাতে পাওয়ামাত্রই আমি সবার আগে এই বিভাগটি খুঁজি।

দুর্ভাগ্যবশত, বেশ কিছুদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিভাগটি বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষের নিকট আমার বিনীত আবেদন, সাধারণ মানুষের আকীদা ও আমল সংশোধনের স্বার্থে ‘প্রচলিত ভুল’ বিভাগটি যেন পুনরায় চালু করা হয়।

—মুহাম্মাদ নোমান আহমাদ

 

advertisement