ফাওয়ায়েদ সংরক্ষণ
‖ গুরুত্ব, উপকারিতা ও প্রাসঙ্গিক কিছু কথা
মাওলানা মুহাম্মাদ মুসআব
(অক্টোবর ২০২৬ সংখ্যার পর)
ফাওয়ায়েদ নোট করা বিষয়ক কিছু মূল্যবান উপদেশ ও ঘটনা
নিচে সালাফে সালেহীনের কিছু মূল্যবান উপদেশ ও চোখ খুলে দেওয়ার মতো ঘটনা পেশ করা হচ্ছে, যা মুতালাআর সময় সামনে আসা মূল্যবান ইলমী নুকতা, দুর্লভ ও নতুন ফায়েদা এবং উস্তাযগণের উলূম ও মারেফাত সংরক্ষণ করার গুরুত্ব ও উপকারিতা স্পষ্ট করে তোলে।
১. ইমাম শাফেয়ী রাহ. (২০৪ হি.) বলেন—
اعلموا -رحمكم الله- أن هذا العلم يند كما تند الإبل، فاجعلوا الكتب له حماة، والأقلام عليه رعاة.
অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি রহম করুন, জেনে রেখো, এই ইলম সেভাবেই চলে যায়, যেভাবে উট পালিয়ে যায়। সুতরাং কিতাব ও কলমের মাধ্যমে তা ধরে রাখো। —তারীখে দিমাশক, ইবনে আসাকির ৫১/৪১০
২. ইমাম নববী রাহ. (৬৭৬ হি.) বলেন—
ومن آدابه: الحلم والأناة، وأن تكون همته عالية، فلا يرضى باليسير مع إمكان كثير، وأن لا يُسَوِّف في اشتغاله، ولا يؤخر تحصيل فائدة وإن قلَّت، إذا تمكَّن منها، وإن أمِن حصولها بعد ساعة؛ لأن للتأخير آفات، ولأنه في الزمن الثاني يحصِّل غيرها.
...وتعليق ما يراه من النفائس والغرائب وحل المشكلات مما يراه في المطالعة أو يسمعه من الشيخ، ولا يحتقرنَّ فائدة يراها أو يسمعها في أي فن كانت، بل يبادر إلى كتابتها، ثم يواظب على مطالعة ما كتبه.
অর্থাৎ যেসব আদব ও বৈশিষ্ট্য তালিবে ইলমের মধ্যে থাকা চাই তার মধ্যে রয়েছে, ধৈর্য ও ধীরস্থিরতা।
তার হিম্মত উঁচু হওয়া চাই। অধিক ইলম অর্জনের সুযোগ থাকা অবস্থায় সে যেন অল্পতে তুষ্ট না হয়। ইলম অর্জনে সে যেন কালবিলম্ব না করে। কোনো ইলমী ফায়েদা হাসিল করার সুযোগ তৈরি হলে, তা যত সামান্যই হোক না কেন, তা হাসিলে যেন একেবারেই দেরি না করে— এমনকি যদি কিছুক্ষণ পর তা পাওয়ার নিশ্চয়তা থাকে তবুও! কারণ প্রথমত, বিলম্ব করার বিপদ অনেক। দ্বিতীয়ত, এতে সে পরবর্তী সময়ে নতুন কোনো ফায়েদা হাসিলে মনোযোগী হতে পারবে।
...তালিবুল ইলমদের করণীয় হল, সে মুতালাআর সময় অথবা উস্তায থেকে যেসব মূল্যবান ও দুর্লভ বিষয়, নতুন তথ্য বা জটিল মাসআলার সমাধান পায়, সে যেন তা লিখে ফেলে। যে-কোনো শাস্ত্রেরই হোক না কেন, কোনো ইলমী ফায়েদা যদি শোনে বা তার নজরে আসে, তা যেন কখনোই ছোট মনে না করে; বরং সঙ্গে সঙ্গে লিখে নেয়। এরপর যা কিছু লিখেছে তা যেন নিয়মিত মুতালাআ করে। —আলমাজমূ শরহুল মুহাযযাব ১/৩৮
৩. ইবনু জামাআ কিনানী রাহ. (৭৩৩ হি.) বলেন—
ولا يؤخر تحصيل فائدة تمكَّن منها، أو يشغله الأمل والتسويف عنها؛ فإن للتأخير آفات، ولأنه إذا حصَّلها في الزمن الحاضر حصَّل في الزمن الثاني غيرها.
অর্থাৎ তালিবে ইলম যেন এমন কোনো ইলমী ফায়েদা হাসিলে কালবিলম্ব না করে, যা হাসিল করার সুযোগ তার রয়েছে। পরবর্তীতে লাভ করার আশা ও টালবাহানা যেন তাকে সেই ফায়েদা হাসিল করতে বাধা না দেয়। কারণ প্রথমত, বিলম্ব করার বিপদ অনেক। দ্বিতীয়ত, সে যদি এখনই ফায়েদাটি হাসিল করে নেয়, তাহলে পরবর্তীতে সে নতুন কোনো ফায়েদা হাসিলে মনোযোগী হতে পারবে। —তাযকিরাতুস সামি‘ ওয়াল মুতাকাল্লিম, পৃ. ১৩৪
৪. ইমাম আবু সা‘দ সামআনী রাহ. (৫৬২ হি.) বলেন—
وقد كتب جماعة من السلف رحمنا الله وإياهم لعدم القرطاس أو لإعوازه في الحال على الجلود والألواح والخزف والرمل والنعل والكف، وقد ذكرت هذه الأنواع بأسانيدها في كتاب أدب الطلب. ومن رامها فليرجع إليه.
وأعجب ما مر بي في الكتابة على غير القرطاس ما أخبرني —وروى بسنده إلى عبيد بن عبد الواحد بن شريك— قال: حضرت مجلسا كثر ازدحام الناس فيه، فأحسست في قفاي بحِكَّة وحركة، فلما أردت الانصراف إذا برجل يُجلسني، فقلت: ما لك؟ فقال: اجلِس؛ فإني قد كتبت المجلس في قفاك فانتظرني حتى أقابل به.
অর্থাৎ পূর্বসূরিদের মধ্যে অনেক মনীষী এমনও ছিলেন, যারা তাৎক্ষণিকভাবে কাগজ না পাওয়া বা কাগজ অপ্রতুল হওয়ার কারণে চামড়া, কাঠের তক্তা, মাটির পাত্র, বালু, জুতা ও হাতের ওপরও লিখেছেন।
... এ বিষয়ে সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনাটি আমার নজরে পড়েছে তা হল, উবাইদ ইবনে আবদুল ওয়াহিদের ঘটনা। তিনি বলেন, একবার আমি একটি জনাকীর্ণ দরসে শরীক হলাম। দরস চলাকালীন আমি আমার পিঠে (ঘাড়ের পেছনের অংশে) চুলকানি ও নড়াচড়া অনুভব করলাম। দরস শেষ হওয়ার পর যখন আমি ফিরে আসতে চাইলাম, তখন এক ব্যক্তি আমাকে বসিয়ে দিল।
আমি বললাম, কী হয়েছে?
সে বলল, একটু বসুন। আমি দরসের আলোচনাগুলো আপনার পিঠের ওপর লিখেছি; তাই একটু অপেক্ষা করুন, যাতে আমি লেখাটি মিলিয়ে নিতে পারি! —আদাবুল ইমলা ওয়াল ইসতিমলা ১/১৬৫
৫. শায়েখ মুহাম্মাদ আওয়ামা দামাত বারাকাতুহুম উপর্যুক্ত ঘটনাটি উল্লেখ করার পর লেখেন—
وما أظن الإمام السمعانيَّ يفوته في كتابه >أدب الطلب< الحكايةُ التي ذكرها الإمام الحاكم، وتمهيدها وتقريبها كما يلي: من مشاهير الأئمة المحدثين: الإمام محمد بن يحيى الذهلي، وهو من مشاهير شيوخ الإمام البخاري، وللذهلي ابن هو أبو زكريا يحيى بن محمد بن يحيى الذهلي، وهو إمام ابن إمام.
أما الحكاية: فقد روى الحاكم في >المعرفة< حديثاً فيه طول، وفي سنده ذكر أبي زكريا يحيى بن محمد هذا، يرويه عن الإمام يحيى بن يحيى التميمي النيسابوري راوية الموطأ عن الإمام مالك، ثم ساق الحاكم السند والمتن بتمامه، وقال في آخره: >قال أبو زكريا: أحسبني كتبتُ هذا الحديث على مفتاح الحانوت، لأنه لم يكن معي بياض< أي: ورقة أكتب عليها الحديث.
ونحو هذا في الحرص على اغتنام العلم: ما حكاه الذهبي في ترجمة الإمام محمد بن سلام - أو : سلّام - البيكندي، شيخ الإمام البخاري: أنه انكسر قلمه في مجلس إملاء أحد الشيوخ، فأمر محمد بن سلام أن يُنادَى : قلم بدينار، فطارت إليه الأقلام. قال الذهبي: وكان ذا مال. يعني: أنه اشترى القلم بدينار لكونه ذا مال ويسار، وإلا فمن أين لطالب العلم أن يشتري قلماً بدينار! وأيضاً: فإن هذا يدل على حرصه على أن لا يفوتَه شيء من إملاء الشيخ، وإن لم يتيسر له الدينار لكتب على ثوبه أو على ظهر مَن أمامه كما فعل غيره.
ومثل هذا ما حكاه الزرنوجي عن عصام بن يوسف البلخي، المتوفى سنة ٢١٠، أو ٢١٥هـ، من تلامذة تلامذة أبي حنيفة، قال: >اشترى عصام بن يوسف قلماً بدينار، ليكتب ما سمعه في الحال< خشية فوات الفائدة.
অর্থাৎ আমার ধারণা, ইমাম সামআনী রাহ. তার ‘আদাবুত তলব’ গ্রন্থে আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া আযযুহলী রাহ.-এর সেই ঘটনাটি অবশ্যই উল্লেখ করেছেন, যা ইমাম হাকেম রাহ.-এর ‘মারিফাতু উলূমিল হাদীস’ গ্রন্থে বর্ণিত হয়েছে। এই আবু যাকারিয়া ইয়াহইয়া হলেন ইমাম বুখারী রাহ.-এর বিখ্যাত উস্তায ইমাম মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া আযযুহলী রাহ.-এর পুত্র। হাকেম রাহ. ‘মারিফাতু উলূমিল হাদীস’-এ একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন, যার সনদে আবু যাকারিয়া ইয়াহইয়া আযযুুহলীও রয়েছেন। হাকেম রাহ. পূর্ণ হাদীস সনদসহ উল্লেখ করার পর লিখেছেন, আবু যাকারিয়া বলেন, আমার ধারণা, আমি এই হাদীসটি দরস চলাকালে দোকানের চাবির ওপর লিখেছিলাম; কারণ তখন হাদীসটি লেখার মতো কোনো কাগজ আমার কাছে ছিল না।
ইলমী ফায়েদা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, এ প্রসঙ্গে একটি ঘটনা ইমাম যাহাবী রাহ. উল্লেখ করেছেন। তিনি ইমাম বুখারী রাহ.-এর শায়েখ মুহাম্মাদ ইবনে সালাম আলবীকান্দী রাহ.-এর তরজমায় লিখেছেন, একবার কোনো এক শায়েখের দরসে তার কলম ভেঙে যায়। তখন তিনি ঘোষণা করলেন— এমন কেউ কি আছে, যে এক দিনারের (স্বর্ণমুদ্রা) বিনিময়ে একটি কলম বিক্রি করবে?
তৎক্ষণাৎ তার দিকে অনেকগুলো কলম উড়ে এল। ইমাম যাহাবী রাহ. বলেন, তিনি ছিলেন সম্পদশালী। অর্থাৎ এ কারণেই তার পক্ষে এক স্বর্ণমুদ্রার বিনিময়ে একটি কলম কেনা সম্ভব হয়েছিল। অন্যথায় একজন তালিবুল ইলমের পক্ষে এত বেশি মূল্য দিয়ে কলম কেনা কি আর সহজসাধ্য?
তবে এ ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি— উস্তাযের দরসের কোনো ফায়েদা যেন ছুটে না যায়, সে বিষয়ে তার কী অপরিসীম ব্যাকুলতা ছিল! যদি তার কাছে দীনার না থাকত, তবে তিনি নিশ্চয় অন্যদের মতো নিজের পোশাকের ওপর অথবা সামনের ব্যক্তির পিঠের ওপরই লিখে ফেলতেন।
একই ধরনের একটি ঘটনা ইমাম যারনূজী রাহ. ইসাম ইবনে ইউসুফ বালখী রাহ. (ওফাত ২১০ বা ২১৫ হিজরী) —যিনি ইমাম আবু হানীফা রাহ.-এর শাগরিদদের শাগরিদ ছিলেন— সম্পর্কে উল্লেখ করেছেন।
যারনূজী রাহ. লেখেন, ইসাম ইবনে ইউসুফ রাহ. একবার হাদীসের দরসে এক দিনারের বিনিময়ে একটি কলম ক্রয় করেছিলেন। কেবল এই উদ্দেশ্যে, যেন উস্তাযের কথা সাথে সাথে লিখে নিতে পারেন এবং কোনো ইলমী ফায়েদা হাতছাড়া হয়ে না যায়। —মাআলিমু ইরশাদিয়্যাহ, পৃ. ১২২-১২৩
৬. বিখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে লাহীআ রাহ. (১৭৪ হি.) ‘আবু খরীতাহ’ (থলেওয়ালা) উপাধিতে ভূষিত হয়েছিলেন; কারণ তিনি গলায় একটি থলে ঝুলিয়ে রাখতেন (যার ভেতর লেখার উপকরণ থাকত) যাতে ইলম লিপিবদ্ধ করে রাখা যায় এবং দ্রুত তা সংরক্ষণ করা সহজ হয়। —আলমাজরুহীন, ইবনে হিব্বান ২/১১
৭. মুহাদ্দিস ও ঐতিহাসিক আবুল কাসিম নাসরাবাযী রাহ. (৩৬৭ হি.)-এর তরজমায় এসেছে—
كان لا يفارقه المحبرة والمقلمة والبياض، فقيل له في ذلك، فقال: ربما سمعت شيئاً من حمال أو غيره حكمة،فأثبته.
অর্থাৎ তার অবস্থা এমন ছিল যে, দোয়াত, কলমদানি এবং কাগজ কখনোই তার থেকে আলাদা হত না। তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, অনেক সময় আমি কোনো শ্রমিক বা অন্য কারও কাছ থেকে প্রজ্ঞাপূর্ণ কোনো কথা শুনি। তখন তা সাথে সাথে লিখে রাখি। —তবাকাতুল আওলিয়া, ইবনুল মুলাক্কিন, পৃ. ২৮
৮. আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর আজাদকৃত গোলাম ইকরিমা রাহ. (১০৫ হি.) বলেন—
إني لأخرج إلى السوق فأسمع الرجل يتكلم بالكلمة فينفتح لي خمسون بابا من العلم.
অর্থাৎ অনেক সময় আমি বাজারে যাই এবং কোনো লোককে কোনো কথা বলতে শুনি, তখন সেই একটি কথার মাধ্যমে আমার সামনে ইলমের পঞ্চাশটি দরজা খুলে যায়। —আততবাকাতুল কুবরা, ইবনে সা‘দ ২/২৯৪
বায়ায নবীসীর কিছু জটিলতা ও তার সমাধান
বায়ায নবীসীর ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা দেখা দেয় বিষয় বাছাই করতে গিয়ে— কী নোট করব আর কী ছেড়ে দেব? শুরুর দিকে মুতালাআর সময় প্রতিটি নতুন কথাই গুরুত্বপূর্ণ মনে হয়। তালিবুল ইলম বুঝে উঠতে পারে না— কী লিখবে আর কী ছাড়বে। সব সময় তার মনে এই ভয় কাজ করে— কোনো জরুরি কথা ছুটে গেল না তো!
এই দোটানায় পড়ে অনেক সময় সে দীর্ঘ দীর্ঘ ইবারত, এমনকি পৃষ্ঠার পর পৃষ্ঠা বায়াযে নকল করতে শুরু করে। এর ফল দাঁড়ায় এই যে, বাছাইকৃত নুকতা ও ফায়েদার সংকলন হওয়ার বদলে তার বায়াযটি কখনও কখনও মূল কিতাবেরই অনেকটা দ্বিতীয় সংস্করণে পরিণত হয়।
উপরন্তু এ কারণে মুতালাআর গতি ধীর হয়ে যায়, মনে বিরক্তি জন্মাতে থাকে। একসময় মুতালাআর আগ্রহই হারিয়ে ফেলে। এরপর যখনই মুতালাআর কথা মনে আসে, বায়ায নবীসীর চিন্তা তালিবুল ইলমকে পেরেশান করে তোলে।
অন্যদিকে নোট না নিয়ে মুতালাআ করাকেও সে বেফায়েদা মনে করে। মুতালাআর সফরের শুরুতে সাধারণত সবাইকেই এ পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
এই জটিলতা সমাধানের জন্য কয়েকটি বিষয় সামনে রাখা দরকার—
* সাধারণ ইলমী ইস্তিফাদার ক্ষেত্রে একাধিক আসাতেযা ও মাশায়েখ থেকে উপকার গ্রহণ প্রশংসনীয়। কিন্তু তাফাক্কুহ ও ইলমী রুসূখ অর্জনের মূল চাবিকাঠি হল প্রশস্ত দৃষ্টিসম্পন্ন ও ফনে পারদর্শী কোনো উস্তাযের সোহবতে নিজেকে আবদ্ধ রাখা এবং পূর্ণরূপে তাঁর আনুগত্য করা।
ইমাম আবু হানীফা রাহ.-কে জিজ্ঞেস করা হয়েছিল, এই ফিকহ আপনি কীভাবে হাসিল করেছেন?
তিনি বললেন, আমি ইলম ও ফিকহের প্রাণকেন্দ্র কুফায় ছিলাম। সেখানকার বিজ্ঞ আলেমগণের মজলিসে বসতাম এবং সেখানকার ফকীহগণের মধ্য থেকে বিশেষ একজনের সোহবতে লেগে ছিলাম। যিনি হাম্মাদ নামে পরিচিত। তাঁর কাছ থেকে আমি ইস্তিফাদা করেছি।
এরপর ইমাম ছাহেব বলেন—
لقد لازمت حمادًا لزومًا ما أعلم أن أحدًا لزم أحدًا مثل ما لزمته، وكنت أكثر السؤال، فربما تبرّم مني ويقول: يا أبا حنيفة، قد انتفخ جنبي وضاق صدري.
অর্থাৎ আমি ইমাম হাম্মাদের সোহবতে এমনভাবে লেগে ছিলাম যে, কেউ কারও সোহবতে এভাবে লেগে থেকেছে বলে আমার জানা নেই। আমি খুব প্রশ্ন করতাম। কখনও কখনও তাঁর ধৈর্য ফুরিয়ে আসত আর বলতেন— হে আবু হানীফা! আমার পার্শ্বদেশ ফুলে গেছে, বুক সংকুচিত হয়ে এসেছে। —মানাকিবু আবী হানীফা, মুওয়াফফাক আলমাক্কী, পৃ. ৫৩
অর্থাৎ কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে মস্তিষ্ক ক্লান্ত হয়ে গেছে।
আল্লামা ইবনে রুশদ রাহ. লেখেন—
كان العلم في الصدر الأول والثاني في صدور الرجال، ثم انتقل إلى جلود الضأن، وصارت مفاتحه في صدور الرجال، فلا بد لطالب العلم من معلِّم يفتح عليه ويُطرِّق له.
প্রথম ও দ্বিতীয় শতাব্দীতে ইলম আলেমদের সিনায় সংরক্ষিত ছিল। এরপর তা ভেড়ার চামড়ায় (কিতাব ও কাগজে) স্থানান্তরিত হয়েছে। কিন্তু এর চাবিগুলো আলেমদের সিনাতেই রয়ে গেছে। তাই তালিবুল ইলমের জন্য এমন একজন উস্তায থাকা অপরিহার্য, যিনি তার জন্য ইলম ও ফাহমের বন্ধ দরজা খুলে দেবেন এবং (মাসআলার গভীরে পৌঁছার) পথ সুগম করে দেবেন। —আলমুকাদ্দিমাতুল মুমাহহিদাত, ইবনে রুশদ ১/৪৯
আমরা যদি কোনো একজন উস্তাযকে নিজের পরামর্শদাতা ও মুরব্বী বানিয়ে নিই, তাহলে শুধু বায়ায লেখার সময় বাছাইয়ের সমস্যাই নয়; বরং ইলম হাসিলের পুরো সফরের সব জটিলতা খুব সহজে সমাধান হয়ে যেতে পারে।
* বায়ায লেখার সময় বাছাইয়ের ভার খুব বেশি মাথায় নেওয়া উচিত নয়। মুতালাআর প্রাথমিক পর্যায়ে যে ইলমী ফায়দা, নুকতা বা ইবারত ভালো ও উপকারী মনে হয়, দ্বিধা না করে তা বায়াযে টুকে নেওয়া উচিত। শুরুর দিকে যদি এমন কিছু কথাও বায়াযের অংশ হয়ে যায়, যা আসলে ততটা গুরুত্বপূর্ণ বা জরুরি ছিল না, তাতে কোনো অসুবিধা নেই। সময় যত গড়াবে এবং মুতালাআ যত বিস্তৃত হবে, উত্তম ও কাজের জিনিস বেছে নেওয়ার যোগ্যতা আপনা-আপনিই গড়ে উঠবে।
* কিতাব পড়ার সময় নিজের কাছে একটি পেন্সিল রাখবে। প্রথমবার পড়ার সময় গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিচে শুধু দাগ টেনে দেবে অথবা পাশে কোনো বিশেষ চিহ্ন দিয়ে রাখবে। একটি অধ্যায় বা পরিচ্ছেদ শেষ হলে আবার শুধু চিহ্নিত অংশগুলোতে নজর বোলাবে। তখন দেখা যাবে, আগে যেসব কথা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, তার অনেকগুলোই এখন তেমন মনে হচ্ছে না। এভাবে যেহেন নিজে নিজেই কম গুরুত্বের অংশগুলো আলাদা করে ফেলবে এবং তখন বাছাই করা আগের চেয়ে অনেক সহজ হবে।
* কোনো ইলমী ফায়েদা লিখব নাকি লিখব না— এ নিয়ে দ্বিধা থাকলে পেন্সিল দিয়ে তার নিচে দাগ টেনে সামনে এগিয়ে যাবে। কিতাব মুতালাআ শেষ হলে দাগ দেওয়া ইবারতগুলোতে পুনরায় নজর বুলিয়ে নিশ্চিত হয়ে নেবে। সময়ের সঙ্গে সঙ্গে এ ফয়সালা করা সহজ হয়ে যাবে যে, কথাটি বায়াযে তোলার উপযুক্ত কি না।
* বায়াযে সংরক্ষিত নোটগুলো সাধারণত শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ থাকে না; বরং তা বিভিন্ন বিষয় ও শাস্ত্রের নির্যাস হয়ে থাকে। তাই মুহাক্কিক উলামায়ে কেরামের যেসব বায়ায ছাপা হয়েছে, সেগুলো মুতালাআ করা উচিত। এতে একদিকে যেমন বাছাই করার যোগ্যতা তৈরি হবে, অন্যদিকে আরেকটি বড় ফায়েদা এই হবে যে, বায়াযের লেখক যেসব ফাওয়ায়েদ ও নুকাত পর্যন্ত পৌঁছাতে নিজের জীবন ব্যয় করেছেন, সেই মূল্যবান ভান্ডার আমরা একসঙ্গে পেয়ে যাব।
* বায়ায লেখার ক্ষেত্রে সুন্দর হস্তলিপির পাবন্দি জরুরি নয়। কেননা অতিরিক্ত তাকাল্লুফের কারণে কাজটি বোঝা হয়ে যায়। মুতালাআর সময় যে কথা ভালো লাগে, কোনো তাকাল্লুফ ছাড়াই সঙ্গে সঙ্গে তা নোট করে নেবে। তবে নোট নেওয়ার সময় ইবারত সহীহভাবে লেখার প্রতি বিশেষ যত্নবান থাকা জরুরি। বিশেষ করে হরফের নুকতাগুলো পরিষ্কার করে লিখবে। সেইসঙ্গে হাওয়ালা পূর্ণাঙ্গ লিখবে, যাতে প্রয়োজনের সময় মূল কিতাবে মুরাজাআত করা সহজ হয়।
প্রসিদ্ধ উক্তি আছে—
إن كنت ناقلًا فالصحة، أو مدعيًا فالدليل
অর্থাৎ তুমি যদি কোনো কথা উদ্ধৃত কর, তবে তা বিশুদ্ধ হতে হবে। আর যদি কোনো দাবি কর, তাহলে তা দলীলসহ পেশ কর।
* কিতাব থেকে এবং মুরব্বী উস্তাযের সোহবত থেকে হাসিল হওয়া ইলমী ফাওয়ায়েদ বায়াযে নকল করার পর মাঝে মাঝে সেগুলোর মুরাজাআত করতে থাকবে। কোনো দ্বীনদার মেহনতি সাথি ঠিক করে তাওয়াযু ও ইখলাসের সঙ্গে নিয়মিত মুযাকারা করবে। আর কাবেলে গওর (অস্পষ্ট/ব্যাখ্যা সাপেক্ষ) জায়গাগুলো উস্তাযের কাছে মুরাজাআত করবে। ইলম অর্জনে তারাক্কী ও রুসূখ হাসিলের এটিই পথ।
এ প্রসঙ্গে ইমাম নববী রাহ.-এর এই বাণীটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো—
...ثم يُديم مطالعةَ ما كتَبه، ويتحرَّى التحقيق فيما يكتبُه، ويَتَثبَّتُ فيه، فإنه فيما بعد ذلك يصيرُ معتمدًا عليه، ويُذَاكِرُ بمحفوظاته مِن ذلك من يشتغل بهذا الفنّ، سواءٌ كان مِثْلَه في المرتبة أو فوقَه أو تحتَه؛ فإنَّ بالمذاكرة يثبتُ المحفوظ. ويتحرَّرُ ويتأكدُ ويتقرَّرُ ويزدادُ بحسب كثرة المذاكرة، ومذاكرةُ حاذِقٍ في الفن ساعةً أنفعُ من المطالعة والحفظ ساعاتٍ، بل أيامًا.
ولْيَكن في مُذاكراتِه متحرِّيًا الإِنصافَ، قاصدًا الاستفادةَ أو الإفادةَ، غيرَ مُتَرَفِّعٍ على صاحبه بقَلْبه ولا بكلامه، ولا بغير ذلك من حالهِ، مُخَاطِبًا له بالعبارةِ الجميلة اللّينةِ، فبهذا ينمو عِلْمُه، وتَزْكُو محفوظاتُه، والله أعلم.
অর্থাৎ তালিবুল ইলম যেসব ফাওয়ায়েদ নোট করবে, তা নিয়মিত মুতালাআ করতে থাকবে। যা লিখবে, তাতে তাহকীকের প্রতি যত্নবান থাকবে এবং ভালোভাবে যাচাই করে নেবে। কেননা পরবর্তীতে এই লেখার ওপর মানুষ নির্ভর করবে। আর এ বিষয়ে যা মুখস্থ করেছে, এই ফনের কোনো সাথির সঙ্গে তা মুযাকারা করে নেবে— সেই সাথির স্তর তার সমান হোক, তার চেয়ে ওপরের হোক কিংবা নিচের। কেননা মুযাকারার মাধ্যমে মুখস্থ বিষয় পাকাপোক্ত হয়।
যত বেশি মুযাকারা করা হবে, ইলম তত বেশি পরিশোধিত হবে, মজবুত ও বদ্ধমূল হবে এবং বৃদ্ধি পাবে। ফনে দক্ষ কোনো ব্যক্তির সঙ্গে কিছুক্ষণের মুযাকারা ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন মুতালাআ ও মুখস্থ করার চেয়েও বেশি উপকারী।
তবে মুযাকারায় ইনসাফ বজায় রাখতে সচেষ্ট থাকবে। নিয়ত থাকবে উপকৃত হওয়া অথবা উপকার করা। সাথির ওপর শ্রেষ্ঠত্ব জাহির করার কোনো মনোভাব যেন অন্তরে না থাকে, মুখেও না আসে এবং কোনো আচরণেও যেন তা প্রকাশ না পায়; বরং সুন্দর ও নম্র ভাষায় কথা বলবে। তবেই ইলম ও হিফয সমৃদ্ধ হবে। —শরহু সহীহ মুসলিম, নববী ১/৪৭
শায়েখ মুহাম্মাদ আওয়ামা দামাত বারাকাতুহুম ইমাম নববী রাহ.-এর এই উদ্ধৃতি উল্লেখ করার পর লেখেন—
إذا كانت المذاكرة مع حاذق أنفع من مطالعة الطالب منفردًا، لساعات وأيام، فكيف بنفع تلقي العلم عن أستاذ حاذق رشيد، وصحبته السنين الطوال!
অর্থাৎ কোনো বিশেষজ্ঞের সঙ্গে ইলমী মুযাকারা যখন তালিবুল ইলমের একাকী বসে ঘণ্টার পর ঘণ্টা ও দিনের পর দিন মুতালাআর চেয়ে বেশি উপকারী, তখন একজন বিচক্ষণ ও অভিজ্ঞ উস্তাযের কাছ থেকে ইলম হাসিল করা এবং বছরের পর বছর তাঁর সোহবতে থাকার ফায়েদা কত বেশি হবে! —মাআলিমু ইরশাদিয়্যাহ পৃ. ২৬৮
আল্লাহ তাআলার ফযল ও তাওফীকে এই অধম বান্দারও বহু বছর ধরে বায়ায নবীসীর অভ্যাস রয়েছে। এতে বান্দা কতটা উপকৃত হয়েছি, তা লিখে প্রকাশ করা সম্ভব নয়।
পূর্বে যেসব ফায়েদার কথা বলা হয়েছে, সেগুলোর সঙ্গে আরেকটি বড় ফায়েদাও উল্লেখযোগ্য। তা হল, এর ফলে প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত তথ্য পর্যন্ত পৌঁছার দূরত্ব অনেক কমে আসে এবং রচনা ও গবেষণার সময় অপ্রাসঙ্গিক উৎসগ্রন্থ ও দূরবর্তী উৎসগ্রন্থ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া সহজ হয়ে যায়। এতে তাহকীকে পরিপক্বতা আসে এবং লেখায় সৌন্দর্য তৈরি হয়।
(চলবে ইনশাআল্লাহ)