Jumadal Akhirah 1448   ||   November 2026

পশ্চিমা লেখিকার চোখে স্বাধীনতা

মাওলানা আবদুল মাজিদ দরিয়াবাদী রাহ.

[খাঁটি পশ্চিমা ও অমুসলিম নারীও কখনও হক কথা বলতে পারেন। আজকের আলোচনায় এরই একটি বাস্তব দৃষ্টান্ত দেখুন!

ভাবনা ও বক্তব্য প্রসিদ্ধ পশ্চিমা লেখিকা স্টর্ম জেমসনের (Storm Jameson) একটি প্রবন্ধ থেকে গৃহীত, যা ১৯ জানুয়ারি ১৯৪১ তারিখে ‘দ্যা টাইমস অব ইন্ডিয়া ইলাস্ট্রেটেড উইকলি’ (বোম্বাই)-এ প্রকাশিত হয়েছিল। তবে উপস্থাপনা ও প্রকাশভঙ্গি তাঁর নয়।]

 

১৯১৩ সাল। আমাদের তখন অল্প বয়স। কখনও ভুলেও মনে হত না, কোনো যুদ্ধ বেধে যেতে পারে। সংঘর্ষ, হত্যাযজ্ঞ, মারামারি আর যুদ্ধবিগ্রহ— এসব তো অসভ্য জাতিগোষ্ঠীর কাজ। আমরা তো সভ্যশিষ্ট মানুষ, এসবের সঙ্গে আমাদের সম্পর্কই-বা কী? বিষয়টি ছিল একেবারে স্পষ্ট ও পরিষ্কার; যুক্তি-প্রমাণের কী প্রয়োজন! বিজ্ঞান আমাদের জীবনকে কতই-না আরামদায়ক, কতই-না নিরাপদ করে তুলেছে!

কিন্তু চোখ খুলতেই দেখা গেল, কী ভয়াবহ প্রতারণা! বিজ্ঞানের কল্যাণে জীবনে যে দুরন্ত গতি এসেছে, তা দেহের স্নায়ু শক্তিশালী করার বদলে একেবারে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। আর প্রাণের নিরাপত্তা, তার কথা আর কী বলব! বিজ্ঞানেরই কৃপায় আকাশপথের ঘাতকেরা ঘণ্টায় তিন শ মাইল বেগে উড়ে আসে; নারী ও শিশুরা পাশের আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর আগেই তাদের নিশ্চিহ্ন করে দিয়ে চলে যায়!

বৈজ্ঞানিক কৃষিপদ্ধতি চালু হওয়ার পর মাঠে আলু যে প্রচুর ফলতে শুরু করেছে, তাতে সন্দেহ নেই। কিন্তু স্বাদ ও পুষ্টি! সে কথা আর বলবেন না! এ দুর্দশা কেবল আলুর নয়; স্বাদ ও পুষ্টির বিচারে প্রত্যেক খাদ্যের একই দশা!

আর সাহিত্য? সুবহানাল্লাহ, কী অপূর্ব! বইয়ের পর বই ছাপা হচ্ছে, একের পর এক বেরিয়েই চলেছে। বইয়ের এই বিপুল স্তূপ, সবই সর্বজনীন শিক্ষার সুফল! সেই সর্বজনীন শিক্ষা, যাকে ঘিরে আমাদের কতই-না আশা ছিল! কী চমৎকার রুচিই-না তৈরি করেছে!

দাদিমা আজ বেঁচে থাকলে ঘরে ঘরে রেডিও, গ্রামোফোন, মোটরগাড়ি, বৈদ্যুতিক আলো, বৈদ্যুতিক চুলা—আরও কত কী দেখে বিস্ময়ে জিজ্ঞেস করতেন, আচ্ছা, তোমরা নিজেরা কী করো? তোমাদের সময় কাটে কীভাবে?

গৃহিণীরা উত্তর দিতেন, আহা, এ-ও কি জিজ্ঞেস করার কথা! একটি মোটরগাড়ি আছে, চিন্তা আরেকটির; একটি রেডিও সেট আছে, খোঁজ এর চেয়ে উন্নত ও আধুনিক যন্ত্রের; আরও বেশি টাকার আকাঙ্ক্ষা!

জন্মনিয়ন্ত্রণের ‘কল্যাণে’(!) সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা নেই! যত টাকা আসে, তাতেও তো নিজের সব শখ মেটে না; নিজেরই কত সাধ দমন করে থাকতে হয়, তার ওপর আবার সন্তান পালনের বোঝা কে বইবে!’

কী চমৎকার ‘উন্নতি’!

সুসজ্জিত বৈঠকখানা, অলংকৃত শোবার ঘর; আর তার ভেতরে আছেন বিবর্ণ, রোগাক্রান্ত, নিঃসন্তান গৃহিণীরা! যাদের হজমশক্তি দুর্বল। এদিকে বংশধারা তো বিলুপ্তির পথে!

সেই দ্বিতীয় স্বপ্নটির কী পরিণতি, যা ছিল এর চেয়েও মধুর, এর চেয়েও মোহনীয়? ‘নারীমুক্তি’র সেই মহাভিযান! আহা, সেই কল্পিত স্বর্গ, যার নাগাল পেতে যৌবনের গোটা উদ্দীপনাই ঢেলে দিয়েছিলাম! পুলিশের মোকাবেলা করেছি; এমনকি একবার একজন পুলিশকে কামড়ও দিয়েছিলাম! স্বাধীনতা আমরা পেয়েছি বটে, কিন্তু সঙ্গে সঙ্গে ছেলেরাও তো জীবন অতিষ্ঠ করতে হাজির। তারা চেঁচিয়ে বলছে— আমাদের পড়াশোনার খরচ দাও, আমাদের মোটরসাইকেলের খরচ দাও! আর ছেলেরা না হয় ছেলেই; তাদের বাবারাই-বা ভরণপোষণের কতটুকু দায়িত্ব অনুভব করে? স্ত্রীরাও যে এখন নিজেরাই উপার্জন করতে শুরু করেছে!

রাজনীতিতে নারীরা যে বিপ্লব ঘটিয়েছে, তাতে সন্দেহ নেই। নারীরা রাজনীতিতে প্রবেশ করেছে; ভোটাধিকারও আদায় করে ছেড়েছে। কিন্তু এত কিছুর ফলাফল কী? পৃথিবীর অবস্থা কিছুটা ভালো হল, না আরও খারাপই হয়ে গেল? কোথায় সেই উচ্চকণ্ঠ আহ্বান আর কোথায় আজকের তিক্ত বাস্তবতা!

নারীরা এখন ভোটের বাক্সে ব্যালটপেপার ফেলতে শিখেছে বটে; কিন্তু প্রকৃত সংস্কার, কল্যাণ ও অগ্রগতির পথে এক পা-ও কি এগিয়েছে? বিপ্লব অবশ্যই ঘটেছে, কিন্তু সে বিপ্লব আমাদের আকাঙ্ক্ষা ও আশার চেয়ে কতটা ভিন্ন!

[সাপ্তাহিক সিদ্ক লখনৌ

১৭ ফেব্রুয়ারি ১৯৪১

অনুবাদ : মাওলানা মুনশী মুহাম্মদ মহিউদ্দীন]

 

advertisement