Jumadal Akhirah 1448   ||   November 2026

জর্ডান ও ফিলিস্তিনে কয়েকদিন

আবু যাকওয়ান রাইয়ান বিন লুৎফর রহমান

(অক্টোবর ২০২৬ ঈ. সংখ্যার পর)

 

ছয়.

আমার এই সংক্ষিপ্ত জীবনে যতবার ঢাকার এই বিমানবন্দরে গিয়েছি, শুধু দুইবার হিন্দুস্তান সফরের উদ্দেশ্যে গিয়েছি। বাকি প্রতিবারই হারামাইন শারীফাইন যিয়ারতের নিয়তে এখানে গিয়েছি। এবারই ব্যতিক্রম হল। হারামাইন ব্যতীত নতুন আরেকটি আরব দেশ সফর। তাই মনের মধ্যে একধরনের শূন্যতা ও অনিশ্চয়তা অনুভূত হচ্ছিল।

গালফ এয়ারের কাউন্টারে গেলাম। আমাদের বিমানের গন্তব্য বাহরাইন। সেখানে চল্লিশ মিনিটের ট্রানজিট। তারপর ভিন্ন বিমানে জর্ডানের রাজধানী আম্মান। গালফের কাউন্টারে দায়িত্বরত মানুষটির দিকে পাসপোর্ট-টিকেট এগিয়ে দিলাম। তিনি বেশ কিছু সময় নিয়ে পাসপোর্ট-টিকেট নাড়াচাড়া করে আমাকে অন্য কাউন্টারে অপেক্ষা করতে বললেন।

কী ঘটনা! জানতে চাইলে বললেন, যেহেতু আপনার ভিসা নেই, তাই জর্ডানে পৌঁছে ভিসা পাওয়ার পূর্ণ নিশ্চয়তা না পেলে আমরা আপনাকে বোর্ডিং পাস দেব না। এজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে।

এটা ছিল আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। যার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল না। কিন্তু এমন তো হওয়ার কথা নয়। আমার জানা মতে, জর্ডান থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র গালফ কর্তৃপক্ষের কাছে আগেই পাঠানো হয়েছে।

আমার সামনে কত যাত্রী এসে বোর্ডিং পাস নিয়ে চলে গেল আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। জানি না, আমার ভাগ্যে কী অপেক্ষা করছে! এক অজানা শঙ্কায় বুকটা দুরুদুরু করতে লাগল। বেশ কিছু সময় পরে ঘন শ্মশ্রুমণ্ডিত নূরানী চেহারার একজন এলেন। কাউন্টারে বসেই আমার পাসপোর্ট-টিকেট হাতে নিয়ে কম্পিউটারে গভীর দৃষ্টি বোলালেন। একটু পরে মুচকি হেসে সহকর্মীদের বললেন, তার ‘ওকে টু বোর্ড’ আছে। আম্মান বিমানবন্দরে নেমেই ভিসা পেয়ে যাবে, ইনশাআল্লাহ!

আল্লাহর অশেষ রহমতে বোর্ডিং পাস হাতে পেয়ে গেলাম। অনেকটা নিশ্চিন্ত মনে এবার ইমিগ্রেশনে গেলাম। পুলিশ অফিসারের দিকে পাসপোর্ট এগিয়ে দিলাম। বেশ কিছু সময় পাসপোর্ট নাড়াচাড়া করে তিনি বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন— আপনি জর্ডান যেতে পারবেন না। কারণ আপনার ভিসা নেই।

আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবে মুহূর্তেই ধাক্কাটা সামলে নিয়ে বললাম, আম্মান বিমানবন্দরে পৌঁছামাত্র ভিসা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

কিন্তু আমার শান্ত কন্ঠের জবাব শুনে তিনি আরও অশান্ত হয়ে উঠলেন। বললেন, আমাকে শেখাচ্ছেন! আমি ১৫ বছর যাবৎ এই চেয়ারে বসি। বিভিন্ন দেশে এই নিয়ম থাকলেও জর্ডানে এ ধরনের ভিসা দেওয়া হয় না।

অবস্থা এমন দাঁড়াল যে, এদিকে আমিও হাল ছাড়ি না, ওদিকে তিনিও তার অবস্থান থেকে এক চুল নড়েন না। শেষ পর্যন্ত তিনি আমার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বললেন, ওই যে পুলিশ ডেস্ক দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে সমাধান করে আসুন।

আমার হৃদয়ের আকাশ কালো মেঘে ছেয়ে গেল। জর্ডান সফরের স্বপ্ন বুঝি এখানেই সমাহিত হয়ে গেল। সেখানে ডেস্কে বসা ছিলেন কয়েকজন ইমিগ্রেশন অফিসার। আমার সমস্যা তাদের সামনে তুলে ধরলাম। তাদের একই প্রশ্ন, আপনি জর্ডান পৌঁছে ভিসা পাবেন— এর কি কোনো প্রমাণপত্র আছে?

আমি আরবীতে লেখা সেই অনুমতিপত্রটি দেখালাম। এবার তারা আক্ষেপ করে বলল যে, আরবী ভাষা না শিখে জীবনে কত বড় ভুল করেছি!

যাইহোক, আমার এই বিপদের ওসীলায় অন্তত তারা আরবী ভাষা শেখার প্রয়োজনীয়তা তো অনুভব করতে পেরেছেন। তবে আমার এই আরবী অনুমতিপত্র পুলিশ অফিসারদের মাথাব্যথা আরও বাড়িয়ে দিল। তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলেন। আমি তখন মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আল্লাহ আমার ডাক শুনলেন। উপায় বের করে দিলেন। এক পুলিশ অফিসার আমাকে নিয়ে সোজা গালফ কাউন্টারে গেলেন। জানতে চাইলেন, কী হিসেবে তাকে বোর্ডিং পাস দেওয়া হল?

গালফ কর্মকর্তাকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। তিনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে, তার বিষয়ে আমরা আম্মান থেকেই নিশ্চয়তা পেয়েছি। তিনি সেখানে পৌঁছেই ভিসা পেয়ে যাবেন।

এয়ারলাইন্সের পরিভাষায় এই প্রসেসকে বলে ‘ওকে টু বোর্ড’। গালফ কর্মকর্তার আশ্বাস বাণী শুনে পুলিশ অফিসার এবার আশ্বস্ত হলেন। তিনি নিজেই আমাকে প্রথম পুলিশ অফিসারের কাউন্টারে নিয়ে গেলেন এবং তাকে বিষয়টি বুঝিয়ে বললেন।

আশা করলাম, এখন হয়তো তিনি কঠোরতা ছেড়ে কোমলতার পরিচয় দেবেন। কিন্তু আল্লাহর বান্দা এবার নতুন ঝামেলা শুরু করলেন। আমি কে? আমার পরিচয় কী? আমার ঠিকানা কী? আমার পেশা কী? আমার সফরের উদ্দেশ্য কী— ইত্যাদি প্রশ্নবাণে আমাকে জর্জরিত করে তুললেন।

মনে হচ্ছিল, আমার প্রতি তিনি অপমানের ঝাল মেটাচ্ছেন। দীর্ঘ সময় তর্জনগর্জন করে অবশেষে তিনি থামলেন। পাসপোর্টে সিল মেরে আমাকে ছেড়ে দিলেন। আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। আল্লাহর শোকর আদায় করলাম এবং দুআ করলাম, তিনি যেন এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে সবাইকে রক্ষা করেন।

আমি তখন পর্যন্ত কল্পনাও করিনি যে, এটাই শেষ নয়; বরং ভোগান্তির শুরু মাত্র। সামনে আমার জন্য অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। গালফ এয়ারের বিমানে আরোহণ করলাম। আমি জর্ডানের যাত্রী হলেও বিমানের গন্তব্য ছিল বাহরাইন।

সেখানে মাত্র ৪০ মিনিটের ট্রানজিট। এই অল্প সময়ের মধ্যেই আমাকে এই বিমান থেকে নামতে হবে এবং আম্মানগামী বিমানে উঠতে হবে।

পরবর্তী ফ্লাইট মিস হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই বিমানের সেবক আমার সুবিধার কথা চিন্তা করে একদম সামনের আসনে বিজনেস ক্লাসে বসিয়ে দিলেন। কিন্তু এর পরও সেই অজানা আশঙ্কা প্রবল থেকে প্রবলতর হতে লাগল। কারণ নির্ধারিত সময় পার হয়ে গেছে। কিন্তু আমাদের বিমান তখনও স্থির দাঁড়িয়ে আছে।

একসময় বিমান নড়ে উঠল এবং চলতে শুরু করল। একটু পর আমাদের নিয়ে আকাশে উড়াল দিল। সেইসাথে আমার ভাগ্যের আকাশেও নতুন প্রভাতের সূর্য উঁকি দিল। একদিকে নির্ঘুম রাত্রি, অন্যদিকে ইমিগ্রেশনের বিপত্তি সব মিলিয়ে আমাকে পেয়ে বসল চরম ক্লান্তি। কখন যে চোখ দুটো বুজে এল, বলতে পারব না।

অনেকক্ষণ পরে যখন চোখ খুলল, মনে পড়ল আমি শামের মুসাফির। সমগ্র দেহে অন্যরকম শিহরন অনুভূত হল। যাত্রীদের বিশ্রামের সুবিধার্থে বিমানের জানালার পর্দাগুলো নামিয়ে রাখা হয়েছিল। তাই আকাশের নীলিমা, মেঘের আলপনা উপভোগ থেকে বঞ্চিত হলাম। চোখ দুটো আবার বুজলাম। কখনও তন্দ্রা, কখনও নিদ্রা সেইসাথে অজানা উদ্বেগ-উৎকণ্ঠা, এভাবেই চলছিল আমার বিমানযাত্রা।

উড্ডয়নের ঠিক ৫ ঘণ্টা পর বিমান অবতরণের ঘোষণা এল।

ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। সময় তো একেবারেই নেই। এদিকে ঘোষণা করার পরেও বিমান শুধু চক্কর দিচ্ছে। সম্ভবত বিমান বন্দরে অবতরণের পরিবেশ তৈরি হওয়ার অপেক্ষা করছে।

সাত.

অবশেষে বিমান অবতরণ করল। আমি দ্রুত বের হয়ে আম্মানগামী বিমানের সন্ধানে ছুটে চললাম। কিন্তু পথিমধ্যে নেমে এল আরেক বিপত্তি। আবার হবে নিরাপত্তা কর্মীদের তল্লাশি। অথচ আমার সামনে অপেক্ষারত মানুষের দীর্ঘ সারি। আমার অস্থিরতা এবার চরমে পৌঁছল। একসময় লম্বা সারি সমাপ্ত হল এবং তল্লাশি পর্ব সম্পন্ন হল। আমি ব্যাগ হাতে পেয়ে ছুটে চললাম। কিন্তু বিমান ঘাটে গিয়ে দেখতে পেলাম আম্মানগামী বিমান আমাকে রেখেই আকাশে উড়াল দিয়েছে। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে গেলাম। স্বপ্নভঙ্গের বেদনায় চরমভাবে মুষড়ে পড়লাম। শত মানুষের ভিড়েও এই অচেনা অজানা দেশে আমি একা হয়ে গেলাম। দিনের আলো ও বিদ্যুতের আলো দুটোই ছিল। কিন্তু আমার চারপাশে এবং হৃদয়ের আকাশে তখন শুধুই অমাবস্যার অন্ধকার। স্বভাবতই মনোবল হারাতে লাগলাম। ঠিক তখনই মনে পড়ল শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দা. বা. রচিত আত্মজীবনীমূলক ধারাবাহিক আয়োজন ইয়াদেঁ-এর একটি অংশ। এই বাহরাইন বিমানবন্দরেই তিনি হুবহু একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তখনও তিনি সর্বমহলে ততটা পরিচিত হয়ে ওঠেননি। তিনি আল্লাহর দিকে রুজুু হলেন আর আল্লাহ গায়েব থেকে সাহায্য করলেন। সম্পূর্ণ অকল্পনীয়ভাবে তাঁর সব এন্তেযাম করে দিলেন।

আল্লাহ তো আমারও খালিক ও মালিক। তিনি অবশ্যই আমার ডাকও শুনবেন। হৃদয়ের সবটুকু আকুতি এবং মিনতি পেশ করে আল্লাহকে ডাকতে লাগলাম...।

তিনি যেন তাৎক্ষণিক আমার ডাকে সাড়া দিলেন। মুনাজাত শেষ হতে না হতেই এক পাকিস্তানী ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। উর্দুতে জিজ্ঞাসা করলেন, তুমি কি বাংলাদেশ থেকে এসেছ?

বললাম, জী।

—আম্মান সফরে যাবে?

উত্তর দিলাম, জী।

তিনি আমাকে নিয়ে হাঁটতে লাগলেন এবং একটি ডেস্কের কাছে পৌঁছে দিলেন। সেখানে বসা এক ভদ্রলোক আমাকে দেখেই বলে উঠলেন, তুমি কোথায় ছিলে? আমরা তো হন্যে হয়ে তোমাকে তালাশ করছি। তোমার নির্ধারিত ফ্লাইট ইতোমধ্যে আম্মানের উদ্দেশে উড়াল দিয়েছে।

যেহেতু এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য গালফ কর্তৃপক্ষ দায়ী। তাই তারা তোমার সব দায়িত্ব গ্রহণ করেছে। আপাতত তোমাকে একটি হোটেলে থাকতে দেওয়া হবে। দুই বেলা খাবারের ব্যবস্থাও থাকবে। ঠিক নয় ঘণ্টা পরে আম্মানগামী ভিন্ন এক ফ্লাইটে তোমাকে উঠিয়ে দেওয়া হবে।

ভদ্রলোক আমার হাতে নতুন বোর্ডিং পাস বুঝিয়ে দিলেন। সবকিছু শুনে হৃদয়ের গভীর থেকে আল্লাহর শোকর আদায় করলাম। সেইসাথে প্রতিজ্ঞা করলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত সকল বিপদে ও দুর্যোগে আল্লাহরই দ্বারস্থ হব। কারণ তিনিই একমাত্র ত্রাতা, একমাত্র রক্ষাকর্তা।

সেই সময় আরেকজন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচিত হলাম। নাম ফারহান। আমার মতোই ভুক্তভোগী মুসাফির। ব্যবসায়িক কাজে আম্মান যাচ্ছেন। গালফ কর্তৃপক্ষ আমাদের দুজনকে বিমানবন্দরের অভ্যন্তরেই একটি হোটেলে বিশ্রাম গ্রহণের ব্যবস্থা করে দিল। ফারহান ভাইকে পেয়ে নিঃসঙ্গতা থেকে কিছুটা মুক্তি মিলল।

জর্ডানে যিনি আমার ইস্তেকবালে থাকবেন, তিনি হলেন ভাই মুহাম্মাদ সামূরা। জর্ডান ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত করলাম।

হঠাৎ মনে পড়ল জর্ডান নিবাসী সেই ফিলিস্তিনী ভাইটির কথা। যার সঙ্গে গত রমযানে মক্কা মুকাররমায় পরিচয় হয়েছিল। তাকেও আমার সফরের বিষয়টি অবগত করলাম।

তিনি জানতে পেরে পুরোটা সময় অনুরোধ করতে লাগলেন, আমি যেন তার বাসায় উঠি। তার আতিথেয়তা গ্রহণ করি। প্রয়োজন হলে তিনি তার পরিবারকে অন্যত্র পাঠিয়ে দেবেন।

তাকে শান্ত করতে অনেক বেগ পেতে হল। তবে মনে হল তিনি আমার মাযেরাত ও অপারগতা প্রকাশে মনঃক্ষুণ্ন হয়েছেন। হবেনই তো! তার ধমনিতে যে আরবী রক্ত বহমান।

ফারহান ভাইয়ের সাথে বিমানবন্দর ঘুরে দেখতে লাগলাম। বহু বছর পূর্বে এই বিমানবন্দরে একবার এসেছিলাম। হারামাইনের সফরে এখানে ট্রানজিট ছিল। তবে সেটা ছিল সামান্য সময়ের জন্য। আর আজ তো পুরো নয় ঘণ্টা অবস্থান করতে হবে।

নিয়মের বেড়াজাল ভেদ করে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অবশ্য বাহরাইন দেশটি দেখার প্রতি তেমন আগ্রহ আমার ছিল না। ইসরাইলের সাথে আব্রাহাম চুক্তি সম্পাদনের পর থেকে এই দেশের প্রতি তৈরি হয়েছে চরম অভক্তি।

বর্তমানে সমগ্র আরব-জাহান পাশ্চাত্য সভ্যতার জোয়ারে ভেসে চলেছে। বাহরাইনও এর ব্যতিক্রম নয়। বিমানবন্দরের অভ্যন্তরে শপিংমলগুলো দেখলেই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট অনুভূত হয়। জানি না, কবে আরবজাহানের ঘুম ভাঙবে। উসওয়ায়ে হাসানাকে ধারণ করে আবার মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবে! পতনোন্মুখ বিশ্বকে রক্ষা করবে!

নানারকম চিন্তা, বিভিন্নরকম কথার মধ্য দিয়ে সময় গড়িয়ে গেল। প্রতীক্ষার অবসান হল। নয় ঘণ্টা পর আম্মানগামী ফ্লাইট নির্ধারিত সময়েই আকাশে উড়াল দিল। আমার স্বপ্নের ময়ূরও অবশেষে পেখম মেলতে শুরু করল।

বিমান হারিয়ে গেল মেঘের রাজ্যে আর আমি হারিয়ে গেলাম কল্পনার জগতে। সেই শৈশব-কৈশোর থেকে লালিত স্বপ্ন আজ পূর্ণতা পেতে চলেছে। যখন শামের জমিনে প্রথম পা রাখব, কেমন হবে আমার হৃদয়ের অনুভূতি? যখন দূর থেকে ফিলিস্তিনের জনপদ দেখব, কেমন হবে আমার চোখের তৃপ্তি? আর যদি আমার প্রিয় আলআকসার সামান্য সময়ের সান্নিধ্য লাভ করি, তবে সেটা আমার জীবনের কত বড় প্রাপ্তি হবে!

আট.

আমাদের বিমান গন্তব্যপানে এগিয়ে চলল। দুই ঘণ্টা পরে ঘোষণা এল, কিছুক্ষণের মধ্যে আমরা রানী আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করতে যাচ্ছি।

ধীরে ধীরে বিমান নিচে নামতে লাগল। আকাশ থেকে আলোঝলমলে আম্মান শহর অপূর্ব লাগছিল। কিন্তু হঠাৎ করেই আমার সকল আনন্দ যেন ম্লান হয়ে গেল। মনে পড়ল আকাশপথে আম্মান থেকে আলকুদস মাত্র আট মিনিটের দূরত্বে অবস্থিত। আল্লাহ, তুমি সাক্ষী! আমার এই সফর কিছুতেই শুধু জর্ডানকে কেন্দ্র করে নয়; বরং আলকুদসই হল আমার এই সফরের প্রধান আগ্রহ। এমন এক সময়ে আল্লাহ আমাকে এই ভূখণ্ডে নিয়ে আসলেন, যখন সীমান্তের ওপারে বইছে আলআকসার তুফান। যতটুকু পারলাম দিগন্তের শেষ সীমানায় দৃষ্টি প্রসারিত করলাম। যদি কিছু দেখতে পাই! যদি কিছু অনুভব করতে পারি!

এসব কল্পনা করছি... হঠাৎ আলআকসার তুফান আমার অন্তরেও প্রচণ্ড তুফান সৃষ্টি করল। একসময় নিজের অজান্তেই সেই তুফান অশ্রু হয়ে আমার চোখ থেকে গড়িয়ে পড়ল।

অবশেষে আমার জীবনের পরম মুহূর্তটি এসে গেল। বিমানের চাকা শামের জমিন স্পর্শ করল।

বিমান থেকে বের হয়ে এলাম। এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জর্ডানের ভিসা সংগ্রহ করা। বেশি দূর যেতে হল না। ভিসা সংগ্রহের নির্ধারিত জায়গাটি পেয়ে গেলাম। জর্ডানী ভদ্রলোক হাসিমুখে হালপুরসি করল। কেন জানি আমাকে বারবার أنت شيخ (শায়েখ শায়েখ!) বলে সম্বোধন করছিল। সম্ভবত আমার দাড়ি দেখে শ্রদ্ধা করছে।

ভিসা প্রসেস যতটা কঠিন মনে করেছিলাম, ততটা হল না। নির্ধারিত জর্ডানী দিনার পরিশোধ করার সঙ্গে সঙ্গে আমার পাসপোর্টে ভিসা দিয়ে দিল। আমি কৃতজ্ঞতা জানিয়ে এগিয়ে চললাম।

জর্ডান বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা ছিল। সামূরা ভাইকে বললাম, আমি কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে বের হচ্ছি। আপনি সওয়ারি প্রস্তুত রাখেন।

তিনি বললেন, বাইরে আপনার জন্য এক ভাই সওয়ারি নিয়ে অপেক্ষা করছে। আপনি বের হলেই তাকে পেয়ে যাবেন।

ভেবেছিলাম, খুব সহজেই ইমিগ্রেশন শেষ করে বের হয়ে যাব। তাই বলেছিলাম, ‘কিছুক্ষণ’। কিন্তু এরপরে যা ঘটল আমার জন্য ছিল অকল্পনীয়।

ইমিগ্রেশন পুলিশ আমার পাসপোর্ট হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। ভাবলাম, এখনই হয়তো সিল মেরে আমাকে তার দেশে স্বাগত জানাবেন। কিন্তু তিনি আমাকে প্রশ্ন করে বসলেন, জর্ডানে আগেও এসেছ, নাকি এটাই প্রথম সফর?

বললাম, এটা আমার জীবনের প্রথম জর্ডান সফর।

আমার জবাব শুনে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আমার হাত ধরে অনতিদূরে একটি কক্ষে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখি, তিনজন পুলিশ অফিসার বসা। আমার হাতে থাকা পাসপোর্ট-টিকেট-ভিসা সবকিছু নিয়ে নিলেন। দীর্ঘ সময় লাগিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন।

তারপর শুরু হল জিজ্ঞাসাবাদ। একজন গভীর দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আর বাকি দুজন বিভিন্ন প্রশ্নবাণে আমাকে জর্জরিত করে তুললেন— আমার নাম কী? ঠিকানা কী? পেশা কী? পৃথিবীর কোন্ কোন্ দেশ ভ্রমণ করেছি? এত দেশ থাকতে জর্ডানেই কেন এসেছি?

তাদের প্রশ্নের ফুলঝুড়িতে একদিকে ভীতসন্ত্রস্ত হয়ে গেলাম, অন্যদিকে বিরক্তবোধও করলাম। আমার নাম-ঠিকানা-পেশা সব তো পাসপোর্টেই লেখা আছে। আর মানুষ তো যে-কোনো দেশে ভ্রমণ করতেই পারে। এসব প্রশ্নের কী উদ্দেশ্য? সবচেয়ে বেশি যে প্রশ্ন তারা আমাকে বারবার করতে লাগলেন, তা হল, এই সফরের উদ্দেশ্য শুধুই ঐতিহাসিক স্থানগুলোর পরিদর্শন, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে?

মনে মনে বললাম, জী ভিন্ন উদ্দেশ্য তো আছেই। আমি তো কুদসের সন্ধানে এখানে এসেছি। ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ড অবলোকন করব এবং অনুশোচনার দুই ফোঁটা অশ্রু বিসর্জন করব। তূফানুল আকসার এই মহান অভিযানে যতদূর সম্ভব তাদের নিকটে অবস্থান করব।

কিন্তু সেটি তো এখন উচ্চারণ করা যাচ্ছে না। তাই সহজ উত্তর দিলাম- জর্ডানের ঐতিহাসিক স্থানগুলোর ভ্রমণ করব।

এরপর আমাকে অবাক করে দিয়ে তারা যে প্রশ্নটি করে বসলেন, তুমি কখনও পাকিস্তান গিয়েছ?

বললাম, না।

হুবহু একই প্রশ্ন কলকাতা বিমানবন্দরেও আমাকে করা হয়েছিল। সেখানে এই প্রশ্ন ছিল স্বাভাবিক। কারণ দুই দেশের বৈরী সম্পর্ক। কিন্তু জর্ডান কর্তৃপক্ষ এই প্রশ্ন আমাকে কেন করলেন? কারণ কি এই যে, পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে আমাদের শত্রুরা অনেক বড় হুমকি মনে করে, তাই সামান্য সময়ের পাকিস্তান ভ্রমণকেও তারা সন্দেহের দৃষ্টিতে দেখে?

সর্বশেষ যে কঠিন প্রশ্ন তারা আমার দিকে ছুড়ে দিলেন, জনাব আলম সাহেব, যিনি তোমার ভিসার বন্দোবস্ত করেছেন, তার পরিচয় কী? তার সাথে তোমার সম্পর্ক কীভাবে হল? তিনি এই দেশে কী করেন?

এখানে এসে আমি আটকে গেলাম। কারণ আমি তার সম্পর্কে কিছুই জানি না। এমনকি তিনি যে জর্ডানের নাগরিকত্ব পেয়েছেন, সেটাও তখন জানা ছিল না। এতক্ষণ স্বতঃস্ফূর্ত উত্তর দিচ্ছিলাম। কিন্তু এখন আমার মুখে জড়তা এসে গেল।

ঠিক তখনই পাশে বসা অফিসার, যিনি আমার চেহারা দীর্ঘ সময় পর্যবেক্ষণ করছিলেন বলে উঠলেন, তার চেহারা বলছে, সে কিছু গোপন করছে। তার মুখের ভাষাও তো পরিবর্তন হয়ে গেছে।

এই বলে তিনি বের হয়ে গেলন। এতক্ষণ যিনি আমাকে প্রশ্ন করছিলেন রূঢ় কন্ঠে তিনি বললেন, ওঠো, এসো আমার সঙ্গে।

হতাশা আমাকে আচ্ছন্ন করল, তীরে এসে আমার তরী ডুবতে শুরু করল না তো! আমার জর্ডান সফরের স্বপ্ন এ বিমানবন্দরেই সমাহিত হবে না তো!

ঠিক তখনই আমার কানে যেন মধুবর্ষণ হল। এতক্ষণ যিনি প্রশ্নবাণে আমাকে বিপর্যস্ত করে দিয়েছেন, তিনিই হাসিমুখে এবার বললেন, আমাদের দেশে তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার কাছে দুআর প্রত্যাশা করছি।

আবেগের আতিশয্যে আমার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে গেল। তাকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানালাম। মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করলাম।

বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে দ্রুত বাইরে চলে এলাম এবং শামের বাতাসে বুকভরে শ্বাস গ্রহণ করলাম।

(চলবে ইনশাআল্লাহ)

 

advertisement