চলে গেলেন কুমিল্লার বর্ষীয়ান আলেমেদ্বীন
হযরত মাওলানা মুহাম্মাদ নূরুল হক রাহ.
মাওলানা মুহাম্মাদ নেয়ামতুল্লাহ
গত ১ জুমাদাল উলা ১৪৪৮ হি. মোতাবেক ১৩ অক্টোবর ২০২৬ ঈ. রোজ মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে কুমিল্লা জেলার বর্ষীয়ান আলেমেদ্বীন, মুফতীয়ে আযম মুফতী ফয়জুল্লাহ রাহ. ও মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ.-এর সাহচর্যধন্য, ফেনী ওলামা বাজার মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল হালিম রাহ.-এর বিশিষ্ট খলীফা, কুমিল্লা বটগ্রাম জামেয়া ইসলামিয়া হামিদিয়া কওমিয়া মাদরাসার শাইখুল হাদীস ও মুহতামিম হযরত মাওলানা মুহাম্মাদ নূরুল হক রাহ. (বটগ্রামের হুজুর) তাঁর রবের সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার প্রিয় আব্বাজান তাঁর জীবদ্দশায় সুন্নতের অনুসরণে ছিলেন অত্যন্ত মজবুত। তাঁর ইন্তেকালের পর তাঁর সন্তানেরা পরামর্শক্রমে সুন্নত মোতাবেক দ্রুততম সময়ে জানাযা-দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এটাও সিদ্ধান্ত হয় যে, মুরব্বীদের জানাযা সামনে নিয়ে যেভাবে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়, সেটা থেকেও আমরা বিরত থাকব।
আলহামদু লিল্লাহ, সে মোতাবেক পরের দিন বুধবার সকাল ১১টায় শুয়াগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠে আব্বার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তারপর নিজ গ্রামের বাড়ি দাতামায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই মহান মনীষী।
দ্রুততম সময়ে জানাযা হওয়া সত্ত্বেও দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তাঁর জানাযায় অংশগ্রহণের জন্য। স্কুলমাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পত্রিকার ভাষ্য অনুযায়ী লক্ষ মুসল্লীর সমাগম হয় তাঁর জানাযায়। মানবজমিন পত্রিকা শিরোনাম করে— আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির ঢল।
দশজন আলেমের বাবা, অসংখ্য আলেম-উলামার উস্তায এবং বহু দ্বীনী প্রতিষ্ঠানের মুরব্বী ও অভিভাবক এ মুখলিস আলেম ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৯৪১ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া (দাতামা) গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর শ্রদ্ধেয় পিতা জনাব সোনা মিয়া রাহ. ছিলেন একজন সহজসরল দ্বীনদ্বার মানুষ। মাতা জোবায়দা খাতুন রাহ. ছিলেন অত্যন্ত শোকরগোযার আমলদার নারী।
তাঁরা ছিলেন তিন ভাই। ভাইদের মধ্যে বড় ভাই সেকান্দার সাহেব রাহ. ছিলেন স্কুলশিক্ষক। মেজো ভাই আলহাজ্ব ফজলুল হক সাহেব রাহ. ছিলেন কৃষক। হযরত ভাইদের মাঝে সর্বকনিষ্ঠ।
হযরতের মোট ১২ জন সন্তান। দশ ছেলে ও দুই মেয়ে। আলহামদু লিল্লাহ, তাঁর দশ ছেলের সকলেই আলেম।
শিক্ষার হাতেখড়ি
নিজ গ্রামের মসজিদের ইমাম আমীরুদ্দীন মাস্টার সাহেব রাহ. ছিলেন তাঁর প্রথম শিক্ষক। আমীরুদ্দীন সাহেব রাহ. নিয়মতান্ত্রিক আলেম না হলেও শরীয়তের অনুসরণে ছিলেন মজবুত ও আপসহীন। তিনি কোনো ধরনের অনৈসলামিক কার্যকলাপ সহ্য করতেন না। তাঁর একান্ত কামনা ও প্রচেষ্টা ছিল, এলাকার মানুষ দ্বীনের পথে, ইসলামের পথে চলুক। সব ধরনের অনৈসলামিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকুক। সাতবাড়িয়া দাতামা গ্রামটি হল শতভাগ মুসলিম অধ্যুষিত আর পূর্ব পাশের বলহরা গ্রামটি হল হিন্দুপ্রধান গ্রাম। হিন্দুদের মেলা ও পূজা চলাকালে আমীরুদ্দীন মাস্টার সাহেব দুই গ্রামের মধ্যবর্তী ব্রিজে বসে থাকতেন, যেন কেউ মেলায় বা পূজায় অংশগ্রহণ না করে। এলাকার মানুষও তাঁকে এতটা সমীহ করত যে, কেউ তাঁর ভয়ে মেলা-পূজায় যাওয়ার সাহস করত না। এমন মান্যবর, অন্যায় বিরোধী বুযুর্গের হাতে তিনি লেখা-পড়া শুরু করেন। আলিফ-বা-তা-ছা ও মক্তবের শিক্ষা তাঁর নিকট গ্রহণ করেন।
মক্তবের পর গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। স্কুলে পড়াকালে আপন বড় ভাই মাস্টার সেকান্দার সাহেব রাহ.-এর কাছেও পড়েন। মা-বাবার একান্ত ইচ্ছা ছিল ছেলেকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করবেন; কিন্তু দ্বীনী শিক্ষার ব্যবস্থা না থাকায় দুই বছর পড়ালেখা বন্ধ থাকে।
ইলমের তলবে...
দুই বছর পর, দাতামা গ্রামের পশ্চিম পাড়ার ছালামতুল্লাহ বেপারীর কাচারী ঘরে পড়ালেখার ব্যবস্থা হয়। তাঁর জীবনের ঘনিষ্ঠ সঙ্গী কুমিল্লা রানীর বাজার মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহহাব ছাহেব রাহ.-সহ আরও কয়েকজন ছিলেন এখানকার সহপাঠী। এখানে তাদের শিক্ষক ছিলেন বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল হাকীম ছাহেব রাহ.। তিনি তাদেরকে তাহাজ্জুদের নামায পড়ে ভোর রাতে সবক পড়াতেন।
হযরতের প্রাতিষ্ঠানিক লেখা-পড়া শুরু হয় সুয়াগঞ্জ বাজারের পূর্ব দিকে অবস্থিত জোলাই ইসলামিয়া মাদরাসায়। তৎকালে এ এলাকায় জোলাই মাদরাসার পড়াশোনার সুনাম ছিল।
তিনি জোলাই মাদরাসায় শরহে জামী জামাত পর্যন্ত পড়াশোনা করেন। তারপর বাংলার উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬৯ খ্রিস্টাব্দে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।
এরপর হাটহাজারী মাদরাসায় এক বছর তাফসীর বিষয়ে বিশেষ পড়াশোনা সম্পন্ন করেন।
হাটহাজারীতে তিনি যেসকল মনীষীর সান্নিধ্য লাভ করেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুল কাইয়ূম ছাহেব রাহ., শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুল আযীয ছাহেব রাহ., হযরত মাওলানা আব্দুল ওয়াহহাব ছাহেব রাহ., হযরত মাওলানা হামেদ ছাহেব রাহ., হযরত মাওলানা আবুল হাসান ছাহেব রাহ., হযরত মাওলানা মুফতী আহমাদুল্লাহ ছাহেব রাহ., হযরত মাওলানা হাফেজুর রহমান ছাহেব রাহ. (পীর সাহেব হুজুর), হযরত মাওলানা নজীর আহমদ ছাহেব রাহ. (আদীব সাহেব) ও আল্লামা আহমদ শফী রাহ.।
এছাড়াও তিনি দেশ ও দেশের বাইরের অনেক বরেণ্য আলেম ও বুযুর্গের শিষ্যত্ব গ্রহণের সৌভাগ্য অর্জন করেন।
দাওরায়ে হাদীসের পর এক রমযানে তিনি হাজতখোলা মাদরাসায় ক্বারী আলী আহমদ সাহেব রাহ. এর কাছে কেরাতশাস্ত্র অধ্যয়ন করেন। ফলে মাখরাজ-ছিফাত, মদ-গুন্নাহ-সহ তাজবীদের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তাঁর যথেষ্ট ব্যুৎপত্তি অর্জিত হয়।
দ্বীনের খেদমতে নিবেদিতপ্রাণ
কর্মজীবন শুরু হয় ১৯৭১ সনে ফরিদপুরে এক আলিয়া মাদরাসায় শিক্ষকতার মধ্য দিয়ে। সেখানে তিনি পাঁচ বছর শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি এলাকার মানুষের মাঝে দ্বীনী চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর তখনকার ছাত্র ও এলাকার মানুষ এখনও তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে।
১৯৭৫ সনে কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনী প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হামিদিয়া কওমিয়া (বটগ্রাম) মাদরাসায় যোগদান করেন। সুনামের সাথে দশ বছর সাধারণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৮৫ সনে উক্ত প্রতিষ্ঠানের সহকারী মুহতামিম নিযুক্ত হন। এরপর ১৯৯০ সনে মুহতামিম মনোনীত হন। আলহামদু লিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ৩৭ বছর এ গুরুদায়িত্ব অত্যন্ত সুনাম ও সততার সাথে আঞ্জাম দেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে শীর্ষস্থানে রয়েছে নিজ গ্রামে প্রতিষ্ঠিত আলজামেয়াতুল আহলিয়া এমদাদুল উলুম দাতামা মাদরাসা। এ মাদরাসার প্রতিষ্ঠালগ্নে তিনি নিজ হাতে মাটিও কেটেছেন। মৃত্যুর আগ পর্যন্ত এ প্রতিষ্ঠানটি আগলে রেখেছেন। তাঁর ইসলাহী কার্যক্রমগুলো যেমন মাসিক ইসলাহী মজলিস ও রমযানের ইতেকাফ ইত্যাদি বিশেষত এখানেই অনুষ্ঠিত হত।
আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনী খেদমত কিয়ামত পর্যন্ত জারি রাখুন, তাঁর হাতেগড়া সকল প্রতিষ্ঠানের উত্তম অভিভাবক হয়ে যান এবং সর্বাঙ্গীণ উন্নতি দান করুন— আমীন।
কল্যাণকামী শিক্ষক, ছাত্র গড়ার কারিগর
ছাত্রদের কাছে তিনি ছিলেন কল্যাণকামী শিক্ষক ও পিতৃতুল্য অভিভাবক। ছাত্র গড়ার কারিগর ছিলেন তিনি। ছাত্রদের প্রতি এতটাই খেয়াল রাখতেন যে, বিভিন্ন ছাত্রকে আর্থিক সহযোগিতা করতেন এবং কিতাব সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা করতেন। ছাত্রদেরকে তিনি আপন করে নিতেন। সু-পরামর্শ ও সাহস জুগিয়ে পড়ালেখায় লাগিয়ে রাখতেন।
তাযকিয়া ও আত্মশুদ্ধির পথে
শৈশব কাল থেকেই তিনি শান্তশিষ্ট, আমলী ও খোদাভীরু ছিলেন। তাঁর জীবনের ঘনিষ্ঠ সাথি রানীর বাজার মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহহাব ছাহেব রাহ. বলতেন, আমার ভাই নূরুল হক মায়ের গর্ভ থেকেই আল্লাহর ওলী হয়ে জন্মেছে। হাটহাজারী মাদরাসায় অধ্যয়নকালে উস্তাযগণ তাঁকে ‘সূফী নূরুল হক’ বলে ডাকতেন।
এ স্বভাবজাত গুণটি তাঁকে ছাত্র-জীবনেই মুরীদ হতে আকৃষ্ট করে। হাটহাজারী মাদরাসায় দাওরায়ে হাদীস পড়ার বছর বাংলার মুফতীয়ে আযম মুফতী ফয়জুল্লাহ রাহ.-এর হাতে বাইআত গ্রহণ করেন।
বিভিন্ন সময়ে মেখল মাদরাসায় গিয়ে কিংবা মুফতী ছাহেব হাটহাজারী মাদরাসায় এলে তাঁর সাহচর্য গ্রহণ করতেন এবং তাঁর বাতেনী ফয়েয হাসিল করতেন। ফলে তাঁর জীবনে মুফতী ফয়জুল্লাহ রাহ.-এর চিন্তা-চেতনার যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।
মুফতী ফয়জুল্লাহ রাহ.-এর ইন্তেকালের পর থানভী রাহ.-এর বিশিষ্ট খলীফা মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ.-এর হাতে বাইআত হন। হাফেজ্জী হুজুর তখন বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী। ফলে তাঁরই নির্দেশে তাঁর অন্যতম খলীফা শর্শদী মাদরাসার মাওলানা সুজাত আলী ছাহেব রাহ. (আওয়াল সাহেব নামে খ্যাত)-এর কাছ থেকে সবক গ্রহণ করেন। হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর ফেনী ওলামা বাজার মাদরাসার সাবেক মুহতামিম বরেণ্য বুযুর্গ মাওলানা আব্দুল হালীম ছাহেব রাহ.-এর হাতে বাইআত হন এবং তাঁর থেকে খেলাফত লাভ করেন। এছাড়া হাফেজ্জী হুজুর রাহ.-এর বিশিষ্ট খলীফা পলাশের হুজুরের কাছ থেকেও খেলাফত লাভ করেন।
ইখলাস ও বিনয় ছিল তাঁর ভূষণ
তাঁর ব্যক্তিত্বে বহু ইলমী, আমলী ও আখলাকী গুণের সমাবেশ ঘটেছিল, যা তাঁকে গ্রহণযোগ্য ও সর্বজন সমাদৃত করে তুলেছিল। তাঁর উল্লেখযোগ্য গুণের মধ্যে রয়েছে ইখলাস ও লিল্লাহিয়াত, বিনয়, সবর, শোকর, কম কথা বলা, গীবত-সমালোচনা পরিহার, লেনদেনে স্বচ্ছতা, দুনিয়া বিমুখতা, সন্তানদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ, অন্যায়ের প্রতিবাদ, সুন্নতের প্রতি গভীর ভালবাসা, বেদআতের প্রতি ঘৃণা ও আমলে অবিচলতা প্রভৃতি।
তিনি দ্বীনের কাজ ইখলাস ও লিল্লাহিয়াতের সাথে করতেন। সম্পদ উপার্জন ও জশ-খ্যাতি ইত্যাদি পার্থিব কোনো উদ্দেশ্যে নয়।
হযরতের বাড়ির ‘আর্মি ইসহাক মিয়া’ বলেন, একবার হযরতের সঙ্গে কাশিনগর বাজার মসজিদে ওয়াজ শুনতে গেলাম। মাগরিব থেকে এশা পর্যন্ত ওয়াজ করলেন। শ্রোতা ছিলাম আমি, দাওয়াতদাতা হাফেজ ওবায়েদুল্লাহ ও আরও একজন— মোট তিনজন। মাত্র তিনজন শ্রোতাকেই মাগরিব থেকে এশা পর্যন্ত ওয়াজ শোনালেন। ওখানে খাওয়া-দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না।
ওয়াজ শেষে মিয়া বাজার এসে আমাকে বললেন, ক্ষুধায় আমার শরীর কাঁপছে।
তারপর হোটেলে বসে নাস্তা করলেন। যিনি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেন, তিনি মাত্র তিনজনের সামনে বয়ান করা, খাওয়া-দাওয়া ও হাদিয়ার প্রতি ভ্রুক্ষেপ না করা তাঁর ইখলাস ও লিল্লাহিয়াতের প্রমাণই বহন করে।
বিনয় ও নিজেকে তুচ্ছ-জ্ঞান করা ছিল তাঁর বিশেষ বৈশিষ্ট্য, তাঁর কথা-বার্তা, কাজ-কর্ম ও চলা-ফেরা যারা কাছ থেকে দেখেছে তারা বিষয়টি যথাযথ উপলব্ধি করতে পারবে।
চান্দিনা থানাধীন সাতবাড়ীয়া গ্রামে জনৈক ধার্মিক শিল্পপতি বিশাল এলাকাজুড়ে একটি মাদরাসা করেছেন। আল্লামা আহমদ শফী রাহ. জীবদ্দশায় ওই মাদরাসার পৃষ্ঠপোষক ছিলেন। সে মাদরাসায় একবার আল্লামা আহমদ শফী রাহ.-এর ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। সে মাহফিলে দেশের অনেক শীর্ষস্থানীয় আলেম অংশগ্রহণ করেন। একেকজন আলোচক পাঁচ-দশ মিনিট করে আলোচনা করেন। সেখানে হযরত ‘আল্লাহওয়ালার পরিচয়’ বিষয়ে সংক্ষেপে চমৎকার আলোচনা করেন। আলোচনাটি শ্রোতাদের (শ্রোতাদের অধিকাংশ ছিল আলেম) অনেক পছন্দ হয় এবং আলোড়ন সৃষ্টি করে।
আলোচনা শেষে হযরত মঞ্চ থেকে নেমে শ্রোতাদের কাতারে বসে গেলেন এবং কিছুক্ষণ আলোচনা শুনলেন। বিষয়টি আমার নিকট অনেক আশ্চর্যজনক মনে হল। মনে হল, তিনি সূক্ষ্মভাবে নফসের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং শ্রোতাদের কাতারে বসে নিজেকে বিনয়ের তালীম দিচ্ছেন।
অন্যায়ের প্রতিবাদে অকুতোভয়
সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে বাধা প্রদান এ উম্মতের অন্যতম দায়িত্ব। এ ময়দানেও রয়েছে হযরতের উল্লেখযোগ্য সাহসী পদচারণা। বহুদিন পর্যন্ত তিনি নিজের গ্রামকে টেলিভিশন মুক্ত রাখতে পেরেছিলেন। যদিও এখন তা মোবাইল, ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তির চাপে হারিয়ে গেছে। এছাড়া এলাকায় কখনও কখনও বড় আকারে যাত্রাগানের আসর বসানো হত। এগুলোর পেছনে স্থানীয় ও বাইরের প্রভাবশালী লোকদের হাত থাকত, যাদের বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস করত না। হযরত এলাকার ধর্মপ্রাণ মানুষদের নিয়ে এসবের বিরুদ্ধে জোরালো আন্দোলন করেছেন এবং অনেকাংশে সফলও হয়েছেন।
সুন্নতের প্রতি মহব্বত ও বেদআতের প্রতি ঘৃণা
হযরত যে চেতনাগুলো মনেপ্রাণে ধারণ করেন এবং নিজের সন্তান, ছাত্র, মুরীদ, ভক্ত নির্বিশেষে সকলের অন্তরে গেঁথে দিতে চাইতেন, তাঁর মধ্যে অন্যতম হল, সুন্নতের মহব্বত ও বেদআতের প্রতি ঘৃণা। তিনি সকল কাজে সুন্নতকে প্রাধান্য দিতেন। তার ছোট্ট একটি উদাহরণ হল, অনেকে মহব্বত করে হযরতকে লম্বা জুব্বা হাদিয়া দেন। যা পরিধান করলে নলার মাঝামাঝির চেয়ে নিচে চলে যায় বা টাখনু ছুঁই ছুঁই হয়, তাই তিনি লম্বা জামাগুলো কেটে নিসফে সাক বা নলার মাঝামাঝি পর্যন্ত ছোট করে নিতেন।
আল্লাহ তাআলা হযরতের ভরপুর মাগফিরাত করুন। জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করুন। তাঁর পরিবার-পরিজন, মুহিব্বীন-মুতাআল্লিকীনকে সবরে জামীলের তাওফীক দান করুন। তাঁর দ্বীনী খেদমতগুলোর সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখুন— আমীন।
পুনশ্চ
হযরতের জীবনী সম্পর্কে অতি সংক্ষিপ্ত সময়ে খুব সামান্যই লেখা হয়েছে। এ নিবন্ধে হযরতের জীবনের কিছু দিক একেবারে আলোচিতই হয়নি আর আলোচিত দিকগুলোও অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে আল্লাহ তাআলা তাওফীক দিলে একটি পূর্ণাঙ্গ জীবনী লেখার ইচ্ছা আছে।