Jumadal Akhirah 1448   ||   November 2026

তাদের বাবা ছিলেন নেককার

Muhammad Ashiq Billah Tanveer

কুরআন মাজীদের সূরা কাহফে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাযির আলাইহিস সালামের এক সফরের ঘটনা বর্ণিত হয়েছে। চলতে চলতে তাঁরা এক এলাকায় পৌঁছলেন। তাঁরা সে এলাকার মানুষের কাছে খাবার চাইলেন। কিন্তু এলাকাবাসী তাঁদের মেহমানদারি করতে অস্বীকার করল।

এরপর তাঁরা সেখানে একটি ভগ্নপ্রায় প্রাচীর দেখতে পেলেন। খাযির আলাইহিস সালাম তা মেরামত করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, চাইলে তো আপনি এলাকাবাসী থেকে পারিশ্রমিক নিয়েও এ কাজ করতে পারতেন!

মূসা আলাইহিস সালাম একথা এজন্য বললেন যে, একদিকে তো এলাকাবাসী মেহমানদারির সৌজন্য রক্ষা করেনি। তাছাড়া পারিশ্রমিক পেলে তা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করা যেত। কিন্তু খাযির আলাইহিস সালামের এ কাজের পেছনে যে বিশেষ হেকমত নিহিত ছিল, তা ওই মুহূর্তে মূসা আলাইহিস সালামের জানা ছিল না। [দ্র. সূরা কাহাফ (১৮) : ৭৭]

হযরত খাযির আলাইহিস সালাম সেই হেকমতের ব্যাখ্যা দিয়ে বলেন—

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِي الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا فَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَ يَسْتَخْرِجَا كَنْزَهُمَا  رَحْمَةً مِّنْ رَّبِّكَ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِيْ ذٰلِكَ تَاْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًا.

বাকি থাকল প্রাচীরটি। তো এটি ছিল এই শহরে বসবাসকারী দুই এতীমের। এর নিচে তাদের গুপ্তধন ছিল এবং তাদের পিতা ছিল একজন নেককার। সুতরাং আপনার প্রতিপালক চাইলেন ছেলেদুটো প্রাপ্ত বয়সে উপনীত হোক এবং নিজেদের গুপ্তধন বের করে নিক। এসব আপনার প্রতিপালকের রহমতেই ঘটেছে। আমি কোনো কাজই মনগড়া করিনি। আপনি যেসব ব্যাপারে ধৈর্যধারণ করতে পারেননি, এই হল তার ব্যাখ্যা। —সূরা কাহফ (১৮) : ৮২

অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা আমাকে স্বাভাবিক মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের জ্ঞান দান করেছেন, সে সুবাদে প্রাচীরটি সংস্কার করে দেওয়া আমার কর্তব্য ছিল। নতুবা যদি দেয়ালটি ধসে পড়ত, তাহলে এর নিচে যে দুই এতীম বালকের বাবার রেখে যাওয়া সহায়-সম্পত্তি রয়েছে, সেগুলো বেরিয়ে আসত এবং তারা তা রক্ষা করতে পারত না। সব লুট হয়ে যেত। তাই আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করলেন। আমাকে নির্দেশ দিলেন, যেন দেয়ালটি সংস্কার করে দিই। পরে তারা যখন পরিণত বয়সে উপনীত হবে, তখন তা বের করে উপকৃত হতে পারবে।

এখানে দেখা যাচ্ছে, দুই এতীম বালককে আল্লাহ তাআলা নিজ রহমতে সুরক্ষা দিচ্ছেন। আল্লাহর এ বিশেষ রহমতের কারণ হল—

كَانَ اَبُوْهُمَا صَالِحًا.

তাদের বাবা ছিলেন নেককার।

একজন আদর্শ পিতা সন্তানের ক্ষেত্রে দায়িত্ব সচেতন হন। সন্তানের সাফল্যের জন্য থাকে তার বিস্তৃত স্বপ্ন। এটা দায়িত্বেরই অংশ। কিন্তু সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণ করতে গিয়ে তিনি কতটুকু সালেহ তথা সৎ ও ভালো মানুষ, স্বচ্ছ ও নিষ্কলুষ থাকতে পেরেছেন— সেটাই হল বিবেচ্য বিষয়। এটাকেই কুরআন মাজীদে মহা পরীক্ষার বিষয় বলা হয়েছে।

আল্লাহ তাআলা বলেছেন—

اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَ اَوْلَادُكُمْ فِتْنَةٌ.

তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। —সূরা তাগাবুন (৬৪) : ১৫

এ পরীক্ষায় যে উত্তীর্ণ হবে, তার জন্য ঘোষণা হল—

وَ اللهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ.

আল্লাহরই কাছে আছে মহা প্রতিদান। (প্রাগুক্ত)

কাজেই দায়িত্বশীল অভিভাবকের সালেহ হওয়া, নেক হওয়া অতীব জরুরি। এর প্রভাব সন্তানের ওপর পড়বে এবং এর রহমত ও বরকত সন্তানের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হবে। পক্ষান্তরে পিতার জীবনে যদি সালাহ তথা নীতি-নৈতিকতা, নিষ্ঠা ও পবিত্রতা না থাকে, তাহলে এর মন্দ প্রভাবও সন্তানের ওপর পড়ে থাকে।

 

advertisement