Jumadal Akhirah 1448   ||   November 2026

পূজার সমর্থনে ঈমান বিধ্বংসী উচ্চারণ
রাজনীতিবিদদের কে বোঝাবে?

চলতি অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিগত বেশ কয়েক বছর থেকেই বাংলাদেশে অনেক বেশি ঢাকঢোল পিটিয়ে পূজার পর্বগুলো অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বহু অঞ্চলে অসংখ্য পূজা মণ্ডপ তৈরি করা হয়। হাজার হাজার প্রতিমা বিসর্জন দেওয়া হয় বিভিন্ন নদী, সাগর ও জলাশয়ে। বিগত দেড়-দুই দশকে এদেশে মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য। বাংলাদেশে যেহেতু উল্লেখযোগ্য পরিমাণে হিন্দু ধর্মাবলম্বী বাস করে, তাই এদেশে তাদের ধর্মীয় উপাসনালয় থাকা এবং তাতে তাদের ধর্মীয় উৎসব পালিত হওয়া স্বাভাবিক বিষয়। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাভাবিক বিষয় হিসেবে ধরা হয়।

কিন্তু কয়েক বছর থেকে পূজা এলেই দেশের রাজনীতিবিদদের অস্থির হয়ে উঠতে দেখা যায়। আগে একটি নির্দিষ্ট দল বহুদিন ক্ষমতায় ছিল। সে দলের প্রধান ব্যক্তিরা পূজা ও দেব-দেবীদের নিয়ে বিভিন্ন কথা বলত। ওগুলোকে মানুষ অনেকটা স্বাভাবিকভাবেই নিত। কারণ সেসব বক্তব্যদাতাদের ঈমানের প্রশ্নে মানুষ তেমন কিছুই মনে করত না। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেখা যাচ্ছে, পূজাকেন্দ্রিক তোয়াজের বিষয়টি এখন একটি দলের সঙ্গে আর সীমাবদ্ধ থাকেনি; অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও পূজা নিয়ে অতি উৎসাহ দেখাচ্ছেন।

একটি সম্প্রদায় তাদের কার্যক্রম পরিচালনা করবে, তাদের আচার-অনুষ্ঠান পালন করবে আর রাষ্ট্র তাতে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করবে, এটুকু তো স্বাভাবিক। কিন্তু তার সাথে এখন যোগ হয়ে গেছে পূজা নিয়ে কিছু মুসলিম নেতার অযাচিত বক্তব্য। বিষয়টি এবছর অতীতের সকল সীমা ছাড়িয়ে গেছে। রাষ্ট্রের একেবারে প্রধান ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পদে আসীন বড় বড় ব্যক্তিরা এবং প্রধান বিরোধী দল থেকে আরম্ভ করে অন্যান্য দলের এমনকি কোনো কোনো ইসলামী দলের নেতাদের থেকেও এমন আচরণ, এমন কথাবার্তা পাওয়া গেছে, যেগুলো একজন মুমিনের জন্য খুবই ধ্বংসাত্মক। এসমস্ত কথায় একজন মুমিনের ঈমান যে কোথায় গিয়ে ঠেকে, সেটা ইসলামের আকীদা বিষয়ক সাধারণ জ্ঞান রাখে এমন লোকও অনুধাবন করতে পারে।

দেব-দেবীদের নাম নিয়ে তাদের দ্বারা কল্যাণ হওয়া, অকল্যাণ দূর হওয়া, দেব-দেবীরা ভালো কিছু বয়ে নিয়ে আসবে, মন্দ জিনিস সরিয়ে দেবে— এমন আশাবাদ একজন মুসলমানের মুখ থেকে কীভাবে উচ্চারিত হতে পারে! এসব শুনে দেশের সাধারণ মানুষও অবাক হচ্ছে। বিভিন্ন নেতা এমন এমন বক্তব্য দিচ্ছেন, এমন এমন কথা বলছেন, যা উচ্চারণ করাও কঠিন। এ বিষয়ে সরকারি দলের মন্ত্রী-এমপিরাই অগ্রগামী ছিলেন। আমরা কারও নাম না নিয়ে দু-চারটা কথা এখানে শুধু উদ্ধৃতি হিসেবে পেশ করছি—

‘বাংলাদেশের শুধু নয়, সমগ্র পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল।’

‘মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য।’

‘সমাজে যখন অন্যায় অবিচার বেড়ে যায় তখন দেবী দুর্গা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল।’

‘হিন্দু বাড়ির সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে।’

এই ধরনের কথা কেউ বললে তার ঈমান থাকে কি না— সংশ্লিষ্ট ব্যক্তি যাকে ধর্মীয় দিক থেকে নির্ভরযোগ্য আলেম মনে করেন, তার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। তাহলে তার কাছেও বিষয়টি স্পষ্ট হবে।

কে না জানে, শিরক অর্থাৎ ইবাদত-বন্দেগী ও কল্যাণ-অকল্যাণ ইত্যাদির ক্ষেত্রে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। কুরআনের ভাষায়—

اِنَّ الشِّرْکَ لَظُلْمٌ عَظِيْمٌ.

নিশ্চয় শিরক চরম জুলুম। —সূরা লুকমান (৩১) : ১৩

এটা তো যে-কোনো মুসলমানের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু রাষ্ট্রের দায়িত্বশীল ও রাজনীতিবিদগণের এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকা জরুরি। যে দেশের ৯০ ভাগেরও বেশি নাগরিক মুসলিম। সে দেশের যারা নেতৃত্ব দেবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের জন্য সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় আবেগ-অনুভূতি বিবেচনা করে কাজ করা জরুরি।

অবশ্য কেউ বলতে পারেন, ধর্মটা আমার নিজস্ব ব্যাপার। কিন্তু এখানে মনে রাখতে হবে, রাজনীতিবিদদের তো আর ব্যক্তি হিসাব থাকে না। তারা ঘরের ভেতরে যা করেন, তাকে পার্সোনাল বা ব্যক্তিগত হিসেবে ধরতে পারেন। এছাড়া তাদের প্রতিটি কথা, চালচলন ও আচার-আচরণ কোট হয়। মানুষ তার অনুকরণ করে। এর প্রভাব সুদূরপ্রসারী। জনগণের ওপর নেতাদের অসংলগ্ন কথার কুপ্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। সাথে সাথে তা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতেও ব্যাপকভাবে আঘাত হানে। এই বিষয়গুলো দেশের ক্ষমতাসীন ও রাজনীতিবিদদের অনুধাবন করা উচিত বলে আমরা মনে করি।

আমরা আশা করব, ধর্মীয় সহানুভূতি দেখাতে গিয়ে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে গিয়ে কিংবা তাদের ধর্মীয় কাজকর্মে সরকারি সুবিধা দিতে গিয়ে কেউ যেন ভবিষ্যতে এমন কথা না বলেন, যা ঈমানের ওপর প্রভাব ফেলে এবং তার নিজ ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

সাথে এটাও আশা করব, এটা যেহেতু ঈমানী প্রশ্ন, সুতরাং সংশ্লিষ্টরা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে যেন এধরনের শিরকী বক্তব্য থেকে মাফ চেয়ে নেন।

এখানে আমরা মোবারকবাদ দিতে চাই এবিএম আশরাফ উদ্দিন নিজানকে (সংসদ সদস্য ২৭৭ লক্ষ্মীপুর-৪ ও হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ), যিনি তার এ ধরনের একটি বক্তব্যের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন এবং তা দেশের মানুষকে অবহিত করেছেন। পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের কাছে দুঃখও প্রকাশ করেছেন। আমরা মনে করি, এটা বড় দিলের পরিচয়। ভুল হয়ে গেলে, ভুল কথা বলে ফেললে তা স্বীকার করা এবং তওবা করে নেওয়াই মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বোঝার তাওফীক দান করুন।

 

advertisement