সফর-১৪৩৩ . জানুয়ারি-২০১২

পুরোনো সংখ্যা . বর্ষ: ০৮ . সংখ্যা: ০১

সকল প্রশ্ন-উত্তর »

আপনি যা জানতে চেয়েছেন

  • ২৩৭২ . ওয়ালিদ হুসাইন . মোল্লাহাট, বাগেরহাট
    প্রশ্ন:

    মোজার উপর মাসাহ করার সময়সীমা মুকীমের জন্য একদিন একরাত আর মুসাফিরের জন্য তিনদিন তিনরাত। এখন জানার বিষয় হল,  পবিত্র অবস্থায় মোজা পরার পর মুকীমের জন্য মাসাহর সময়সীমা ২৪ ঘণ্টা নাকি পাঁচ ওয়াক্ত নামায আদায় করা পর্যন্ত। জানালে উপকৃত হব।


    উত্তর:

    মোজার উপর মাসেহর সময়সীমা মুকীমের জন্য ২৪ ঘণ্টা ও মুসাফিরের জন্য ৭২ ঘণ্টা। এটি পাঁচ ওয়াক্ত নামাযের ওয়াক্তের সাথে সম্পৃক্ত নয়। আর মাসেহর সময়সীমা শুরু হবে পবিত্রতা হাসিল করে মোজা পরিধান করার পর উক্ত পবিত্রতা ভঙ্গ হওয়ার সময় থেকে। এ প্রসঙ্গে আলী রা. হতে বর্ণিত হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মোজার উপর মাসেহর সময়সীমা) মুসাফিরের জন্য তিনদিন তিনরাত আর মুকীমের জন্য একদিন একরাত নির্ধারণ করেছেন।

    -সহীহ মুসলিম ১/১৩৫; মুসনাদে আহমদ, হাদীস : ১১২৬; শরহুল মুনইয়া ১০৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩; আদ্দুররুল মুখতার ১/২৭১; আসসিআয়াহ ১/৫৬২
  • ২৩৭৩ . মুহাম্মাদ আবদুল্লাহ আনসারী . ফেনী
    প্রশ্ন:

    আমি আপেল ইত্যাদি খাওয়ার সময় কামড় দেওয়ার জায়গায় অতি সামান্য রক্ত লক্ষ করি। কিন্তু থুথু ফেললে তেমন কিছু দেখি না। কিংবা সামান্য একটু চিহ্ন  দেখতে পাই। এই কারণে আমার অযু ভঙ্গ হয় কি না? জানালে উপকৃত হব।


    উত্তর:

    আপেল বা দাঁত দিয়ে কামড়ানো খাবারে যে সামান্য রক্ত দেখতে পেয়েছেন তা যেহেতু অতি সামান্য তাই এ কারণে অযু নষ্ট হয়নি। আর থুথুর সঙ্গে যে সামান্য রক্তের চিহ্ন দেখতে পেয়েছেন ঐ সামান্য পরিমাণ রক্তও অযু ভঙ্গের কারণ নয়। কেননা, থুথুর চেয়ে রক্ত বেশি হলে কিংবা অন্তত সমান সমান হলেই কেবল অযু নষ্ট হয়। এ পরিমাণ রক্ত বের হলে থুথু টকটকে লাল বা লালচে বর্ণ ধারণ করবে। আর এর কম হলে থুথু হলদে বা প্রায় সাদা থাকবে এ অবস্থায় অযু ভাঙ্গবে না। তবে আপেলের যে জায়গায় রক্ত লেগেছে তা খাবেন না; বরং ফেলে দিবেন।

    -মুসান্নাফ ইবনে আবী শাইবা ২/৯৩; কিতাবুল আছল ১/৫৭; বাদায়েউস সানায়ে ১/১২৪; ফাতাওয়া খানিয়া ১/৩৮; শরহুল মুনইয়াহ ১৩২
  • ২৩৭৪ . মুহাম্মাদ তাওহীদুল ইসলাম . কাজিরহাট এমদাদুল ইসলাম মাদরাসা, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
    প্রশ্ন:

    আমাদের বাড়ি থেকে বি বাড়িয়া শহর দুই কিলোমিটার দূরে এবং

    বি.বাড়িয়া রেলস্টেশন আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বি বাড়িয়া শহরে অবস্থিত। আমাদের বাড়ি থেকে বি বাড়িয়া শহর পর্যন্ত রাস্তার দু পার্শ্বে বাড়িঘর আছে। এখন আমার জানার বিষয় হল :

    ক) আমি যদি চট্টগ্রামে যাই তাহলে যাওয়া এবং আসার সময় বি বাড়িয়া রেলস্টেশনে নামায কসর পড়ব কি না?

    খ) সফরের উদ্দেশে বের হলে বলা হয়, এলাকার বাইরে থেকে কসর শুরু হয়। এক্ষেত্রে এলাকা বলতে কী বুঝায়?

    উল্লেখ্য, বি বাড়িয়া শহর আমাদের ইউনিয়নের বাইরে।


    উত্তর:

    বি.বাড়িয়া রেলস্টেশন যেহেতু আপনার গ্রামের বাইরে অবস্থিত তাই চট্টগ্রামে যাওয়া এবং চট্টগ্রাম থেকে আসার পথে বি বাড়িয়া রেলস্টেশনে আপনি মুসাফির গণ্য হবেন। সুতরাং উক্ত রেলস্টেশনে আপনি নামায কসর পড়বেন।

    খ) এলাকা দ্বারা উদ্দেশ্য হল, বসবাসের আবাদি অঞ্চল। অর্থাৎ গ্রামে বসবাসকারীর জন্য তার নিজের গ্রাম আর শহরে বসবাসকারীর জন্য শহরের নির্ধারিত সীমানা তার এলাকা হিসেবে গণ্য হবে।

    -শরহুল মুনইয়া ৫৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৭; আলবাহরুর রায়েক ২/১২৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯; আদ্দুররুল মুখতার ২/১২১; মাজমাউল আনহুর ১/২৩৮
  • ২৩৭৫ . মুহাম্মাদ তুহিন . ঢাকা
    প্রশ্ন:

    একবার আমার নামাযে ভুল হয়েছিল, যার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। সাহু সিজদা দিতে ভুলে গিয়েছিলাম। স্মরণ হয়েছে দুআ মাছুরা পড়ার পর। ঐ সময় আমি একদিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করেছি। এরপর যথানিয়মে নামায শেষ করেছি। এখন আমি জানতে চাই, ঐ সময় সাহু সিজদা করাতে নামাযের কোনো সমস্যা হয়েছে কি?


    উত্তর:

    না, সমস্যা হয়নি। আপনার নামায আদায় হয়ে গেছে।

    -কিতাবুল আছল ১/২৩৩; বাদায়েউস সানায়ে ১/৪০৩; রদ্দুল মুহতার ২/৯১
  • ২৩৭৬ . মুহাম্মাদ জিকরুল হক . দিনাজপুর
    প্রশ্ন:

    এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে এবং সাহু সিজদা না করেই নামায শেষ করে। এমতাবস্থায় তার নামায কি শুদ্ধ হয়েছে?


    উত্তর:

    প্রশ্নোক্ত ক্ষেত্রে অতিরিক্ত সিজদা করার কারণে ঐ ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সাহু সিজদা না করার কারণে তাকে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।

    -মুসান্নাফ আবদুর রাযযাক ২/৩১৯, হাদীস : ৩৫২৪; কিতাবুল আছল ১/২৪২; মাবসূত, সারাখসী ১/২২৮-২২৯; আলমুহীতুল বুরহানী ২/৩০৮; বাদায়েউস সানায়ে ১/৪০১