গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর মুখপত্র
যিলহজ্ব-১৪৩২ . নভেম্বর-২০১১
পুরোনো সংখ্যা . বর্ষ: ৭ . সংখ্যা: ১০
-
২৩২৪ . মুহাম্মাদ ইসমাইল . কাকরাইলপ্রশ্ন:
আমি একদিন পুকুরে গোসল করছিলাম। গোসল করার সময় লুঙ্গি সামান্য নিচু হলে শুধু নাভি দৃষ্টিগোচর হয়। এতে আমার পাশে থাকা এক চাচা বললেন, নাভি সতর, তা দেখলে হারামের গুনাহ হবে। আমি বললাম, আমি জানি নাভি সতর নয়। তার প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হবে না। সে বলল, সারা জীবন শুনে এলাম নাভির প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হয়। জানিয়ে বাধিত করবেন তার কথা কি সঠিক?
উত্তর:নাভি সতরের অন্তর্ভুক্ত নয়। আপনার চাচার বক্তব্যটি সঠিক নয়। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং যদি কোনো পুরুষের শুধু নাভি খুলে যায় এবং নাভি সংলগ্ন নিচের অংশ ঢাকা থাকে তাহলে এতে সতর খোলার গুনাহ হবে না।
হযরত আমর ইবনে শুআইব রাহ. তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। (সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ৩২৩৫; সুনানে আবু দাউদ, হাদীস : ৪৯৭; সুনানে দারা কুতনী ১/৩২০
প্রকাশ থাকে যে, নাভি সতর না হলেও তা ঢেকে থাকে এভাবে পোষাক পরিধান করা উচিত। কেননা, নাভি সংলগ্ন নিচের অংশ সতর। নাভি খুলে গেলে নিচের অংশও কিছুটা খুলে যাওয়া স্বাভাবিক।
হযরত আবুল আলা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী রা. দেহের নিম্নাংশের পরিধেয় পোশাক নাভির উপর পরিধান করতেন।
-সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ৩২৪৯; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ২৫৩৪৯; মুসনাদে আহমদ, হাদীস : ৬৭৫৬; হেদায়া ১/৯২; নসবুর রায়া ১/২৯৬-৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/২২; ১৮/৯০; আলমুগনী ২/২৮৯; আলবাহরুর রায়েক ১/২৬৯; রদ্দুল মুহতার ১/৪০৪, ৬/৩৬৬ -
২৩২৫ . ফাহিমা আক্তার . চাটখিলপ্রশ্ন:
আমাদের গ্রামের বাড়ির উঠান গোবর দ্বারা লেপ দেওয়া হয়। মাঝেমধ্যে তাতে ভিজা কাপড় শুকাতে দেই। জানার বিষয় হল, এতে কি ভিজা কাপড় নাপাক হয়ে যাবে?
উত্তর:গোবরের লেপযুক্ত শুকনো উঠানে যদি ভিজা কাপড় দেওয়া হয় এবং তাতে নাপাকির কোনো আলামত অর্থাৎ রং বা গন্ধ এর কোনোটি প্রকাশ না পায় তবে ঐ কাপড় নাপাক হবে না। আর যদি নাপাকির কোনো আলামত প্রকাশ পায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে।
-ফাতাওয়া খানিয়া ১/২৫; ফাতওয়া হিন্দিয়া ১/৪৭; রদ্দুল মুহতার ১/৩৪৬ -
২৩২৬ . হাফেয মুহাম্মাদ মোজাহিদ . আলমপুর, হবিগঞ্জপ্রশ্ন:
আমাদের এলাকায় কবরে লাশ রেখে প্রায় ২ হাত উঁচুতে বাঁশ দেওয়া হয়। লোকদের ধারণা, সওয়াল-জওয়াবের জন্য মুর্দাকে যখন বসানো হবে তখন বসতে গিয়ে যেন মাথা বাঁশে না লাগে। ভালোভাবে যেন বসতে পারে। আর গভীরতার ক্ষেত্রে কেউ বেশি গভীর করে কেউ কম। তাই জানতে চাই, ক) কবরের গভীরতার পরিমাণ কতটুকু হওয়া উচিত? খ) মুর্দা বসতে পারে এ পরিমাণ কবরে ফাঁকা রাখা ঠিক কি না?
উত্তর:ক) কবরের গভীরতা এ পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়াং এবং হিংস্র পশুর আক্রমণ থেকেও লাশ হেফাযত থাকে। তাই অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত। সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম। খলীফাতুল মুসলিমীন উমর রা. ইন্তেকালের আগে তাঁর কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার অসিয়ত করেছিলেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৭/৩২৪)
খ) কবরে শায়িত ব্যক্তিকে বসানো, সওয়াল-জওয়াব করা এসব বরযখ নামক এক অদৃশ্য জগতে হবে। কাফন-দাফনের বিধানাবলির সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই বরযখে মাইয়্যিত কিভাবে বসবে, ফেরেশতারা কোথায় থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। আল্লাহর হুকুম ও কুদরতেই এসব কিছু হবে। সুতরাং কবরে বেশি ফাঁকা না রেখে বাঁশগুলো লাশের কাছাকাছি রাখা নিয়ম।
-শরহুল মুহাযযাব ৫/২৫১; আলমুগনী ৩/৪২৬; আলমুহীতুল বুরহানী ৩/৯০; রদ্দুল মুহতার ২/২৩৩; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী ৩৩; ইমদাদুল আহকাম ১/৮৩৯; খায়রুল ফাতাওয়া ৩/১৫৩ -
২৩২৭ . মফীজুদ্দীন সরকার . শিয়ালবাড়ি, মিরপুরপ্রশ্ন:
কোনো কোনো এলাকায় দেখা যায়, রমযানের শেষ দশ দিনে এলাকাবাসী কেউ এতেকাফ না করলে অন্য এলাকা থেকে কোনো দরিদ্র ব্যক্তিকে খানা ও পারিশ্রমিক দিয়ে এতেকাফ করানো হয়।
প্রশ্ন হল, ক) এরূপ করলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বাঁচতে পারবে কি না?
খ) ঐ ব্যক্তির জন্য এতেকাফকালীন দিনগুলোর পারিশ্রমিক নেওয়া জায়েয হবে কি না?
উত্তর:ক) রমযান মাসের শেষ দশ দিন এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়াহ। যদি কোনো মসজিদে এক জনও ইতেকাফে বসে তাহলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি একজনও এতেকাফ না করে তাহলে ঐ এলাকার সকলেই গুনাহগার হবে।
খ) এতেকাফ একটি ইবাদত, যা বিনিময়যোগ্য নয়। তাই এতেকাফের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েয নয়। কাউকে পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফ করালে সে এতেকাফ সহীহ হবে না। অতএব এ জাতীয় এতেকাফ দ্বারা এলাকাবাসী দায়িত্বমুক্ত হতে পারবে না।
-হেদায়া, ফাতহুল কাদীর ২/৩০৪; রদ্দুল মুহতার ২/৪৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৭; ইলাউস সুনান ১৬/১৭২-৭৩; রদ্দুল মুহতার ৬/৫৫ -
২৩২৮ . মুহাম্মাদ অহীদুর রহমান . সদর দক্ষিণ, কুমিল্লাপ্রশ্ন:
জনৈক ব্যক্তি রোযা অবস্থায় চোখে ওষুধ লাগিয়েছে। এ কারণে তার রোযার কোনো ক্ষতি হয়েছে কি?
উত্তর:না, চোখে ওষুধ দিলে রোযার ক্ষতি হয় না। এক্ষেত্রে ওষুধের স্বাদ গলায় অনুভূত হলেও রোযা নষ্ট হবে না।
-আলমুহীতুল বুরহানী ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ২/২৪৪; রদ্দুল মুহতার ২/৩৯৫